গবেষণা প্রতিবেদন

বছরে ৩২৫ বিলিয়ন পাউন্ডের ‘ডার্টি মানি’ ঘুরছে যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে প্রতি বছর কমপক্ষে ৩২৫ বিলিয়ন বা ৩২ হাজার ৫০০ কোটি পাউন্ড সমপরিমাণের অবৈধ অর্থ বা ‘ডার্টি মানি’ প্রবাহিত হচ্ছে।

ফাইন্যান্স ইনোভেশন ল্যাব নামের দাতব্য সংস্থার গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, এ অবৈধ অর্থের পরিমাণ যুক্তরাজ্যের মোট জিডিপির ১০ শতাংশেরও বেশি। এর মধ্যে আর্থিক অপরাধ, মানি লন্ডারিং বা অর্থ পাচার, দুর্নীতি, অবৈধ ব্যবসা এবং কর ফাঁকির মাধ্যমে আসা অর্থও অন্তর্ভুক্ত রয়েছে। তবে যুক্তরাজ্যের ওপর নির্ভরশীল দ্বীপরাষ্ট্র ও ওভারসিজ টেরিটরি (যেমন জার্সি ও কেম্যান আইল্যান্ডস) হিসাব করলে এ সংখ্যা বছরে ৭৮ হাজার ৮০০ কোটি পাউন্ড ছাড়িয়ে যায়।

যুক্তরাজ্যকে ক্রিপ্টোকারেন্সির একটি আন্তর্জাতিক কেন্দ্র বা হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে বর্তমান সরকার। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ডিজিটাল সম্পদের প্রতি অতিরিক্ত আগ্রহের কারণে এ পরিকল্পনা করা হয়েছিল। তবে ফাইন্যান্স ইনোভেশন ল্যাব এ পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছে। কারণ ক্রিপ্টোকারেন্সি ক্রমান্বয়ে অর্থ পাচার ও গোপন বাজার ব্যবস্থার সঙ্গে জড়িয়ে পড়ছে।

সরকারের একজন মুখপাত্র জানান, দুর্নীতি ব্রিটিশ জনগণকে দরিদ্র ও অনিরাপদ করে তুলছে এবং গণতন্ত্রকে দুর্বল করছে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে গত ডিসেম্বরে সরকারের দুর্নীতিবিরোধী কৌশল প্রকাশ করা হয়। এছাড়া ২০২৭ সালের মধ্যে ক্রিপ্টোকারেন্সিকে যুক্তরাজ্যের নিয়মনীতির আওতায় আনা হবে বলে জানান তিনি।

আরও