ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটকের চীনা মূল সংস্থা তার মার্কিন কার্যক্রম বিক্রি করলে, একটি আমেরিকান-সংখ্যাগরিষ্ঠ বোর্ড গঠন করা হবে বলে হোয়াইট হাউস ঘোষণা করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে শনিবার জানান, যুক্তরাষ্ট্রে অ্যাপটির নিয়ন্ত্রণকারী বোর্ডে সাতটি আসন থাকবে, যার মধ্যে ছয়টি আসনই হবে আমেরিকানদের।
ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে টিকটকের মার্কিন অংশ বিক্রির বিষয়ে একটি চুক্তি কয়েক দিনের মধ্যেই স্বাক্ষরিত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে শুক্রবার হওয়া ফোনালাপের পর এ অগ্রগতি এসেছে। তবে চীন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির বিষয় নিশ্চিত করেনি।
লেভিট আরো জানান, টিকটকের ডেটা সুরক্ষা ও অ্যালগরিদম নিয়ন্ত্রণ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওরাকল।
টিকটকের মার্কিন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৭ কোটি ৫০ লাখ। তবে অ্যাপটির মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স হওয়ায় ডেটা নিরাপত্তা ও সম্ভাব্য প্রচারণা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা।