ট্রাম্পের করা মামলার নিষ্পত্তিতে ২৪.৫ মিলিয়ন ডলার পরিশোধে সম্মত ইউটিউব

সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করে ডোনাল্ড ট্রাম্পের করা একের পর এক মামলা নিষ্পত্তির প্রবণতা দেখা যাচ্ছে। এসব কোম্পানি ও এগুলোর প্রধান নির্বাহীদের বিরুদ্ধে বিভিন্ন সময় মার্কিন নাগরিকদের ওপর “অবৈধ সেন্সরশিপ” আরোপের অভিযোগ এনে মামলাগুলো করেছিলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এক মামলার নিষ্পত্তিতে সাড়ে ২৪ মিলিয়ন (২ কোটি ৪৫ লাখ) ডলার পরিশোধে সম্মত হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। ২০২১ সালে মার্কিন কংগ্রেস ভবনে হামলার পর প্ল্যাটফর্মটিতে কনটেন্ট পোস্ট করা থেকে নিষিদ্ধ করার ঘটনায় ডোনাল্ড ট্রাম্প এ মামলা করেছিলেন। খবর এফটি।

সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করে ডোনাল্ড ট্রাম্পের করা একের পর এক মামলা নিষ্পত্তির প্রবণতা দেখা যাচ্ছে। এসব কোম্পানি ও এগুলোর প্রধান নির্বাহীদের বিরুদ্ধে বিভিন্ন সময় মার্কিন নাগরিকদের ওপর “অবৈধ সেন্সরশিপ” আরোপের অভিযোগ এনে মামলাগুলো করেছিলেন ট্রাম্প।

চলতি বছরের জানুয়ারিতে ২৫ মিলিয়ন (আড়াই কোটি) ডলার অর্থ পরিশোধের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে অন্তত দুই বছরের জন্য নিষিদ্ধ করার ঘটনায় দায়ের করা মামলার মীমাংসা করে মেটা (ফেসবুকের মূল কোম্পানি)। এ অর্থ ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির জন্য ব্যয় হওয়ার কথা রয়েছে। এর এক মাস পর টুইটার (বর্তমানে ইলন মাস্কের মালিকানাধীন এক্স) ট্রাম্পকে ১০ মিলিয়ন (১ কোটি) ডলার পরিশোধ করে।

২০২১ সালে মার্কিন কংগ্রেস ভবনে হামলার পর ইউটিউবে ট্রাম্পের কনটেন্ট পোস্ট করার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এর পর তা তুলে নেয়া হয় ২০২৩ সালে। সে সময় তার চ্যানেল পুনরুদ্ধারও করা হয়। আর গত সপ্তাহেই কভিড-১৯ সংক্রান্ত ভ্রান্ত তথ্য ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ কিছু অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি।

অ্যালফাবেটের মালিকানাধীন ইউটিউব থেকে মামলা নিষ্পত্তির জন্য পাওয়া মোট অর্থের মধ্যে ২২ মিলিয়ন (২ কোটি ২০ লাখ) ডলার যাবে ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মল নামের একটি অলাভজনক সংস্থার কাছে। সংস্থাটি হোয়াইট হাউসে নতুন স্টেট বলরুম নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করছে, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২০০ মিলিয়ন (২০ কোটি) ডলার। আদালতের নথি অনুযায়ী বাকি আড়াই মিলিয়ন (২৫ লাখ) ডলার দেয়া হবে অন্যান্য মামলার বাদী পক্ষকে, যাদের মধ্যে রয়েছেন লেখক নাওমি উলফ এবং আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন।

অ্যালফাবেট এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

আরও