১২ হাজার বছর পর জেগে উঠল ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ধোঁয়া পৌঁছাল ভারতে

প্রায় ৫০০ মিটার উচ্চতার এ আগ্নেয়গিরিটি রিফট ভ্যালির মধ্যে অবস্থিত। স্থানটি দুটি টেকটোনিক প্লেটের মিলনস্থল এবং ভূ-তাত্ত্বিক কার্যকলাপের একটি সক্রিয় অঞ্চল।

অগ্ন্যুৎপাত থেকে উত্থিত ঘন ছাইয়ের মেঘ ১৪ কিলোমিটার (৯ মাইল) উচ্চতায় উঠে লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমানের দিকে পৌঁছে এখন উত্তর আরব সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি আগ্নেয়গিরিতে প্রায় ১২ হাজার বছর পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত ঘটেছে। অগ্ন্যুৎপাত থেকে উত্থিত ঘন ছাইয়ের মেঘ ১৪ কিলোমিটার (৯ মাইল) উচ্চতায় উঠে লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমানের দিকে পৌঁছে এখন উত্তর আরব সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। খবর দ্য গার্ডিয়ান, আল জাজিরা, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

অগ্ন্যুৎপাতের পর স্থানীয় গ্রাম আফদেরা ছাইয়ে ঢেকে যায়। ইথিওপিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আফদেরা শহর ও এরতা আলের আশপাশে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে। আদ্দিস আবাবা থেকে প্রায় ৫০০ মাইল উত্তর-পূর্বে ইরিত্রিয়া সীমান্তের কাছে ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হায়লি গুব্বি আগ্নেয়গিরিটি গত রোববার কয়েক ঘণ্টা সক্রিয় ছিল।

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রামের তথ্য অনুযায়ী, প্রায় ১২ হাজার বছর আগে শেষ বরফ যুগের সমাপ্তির সময় শুরু হয়েছিল হোলোসিন যুগ। এ যুগে এ আগ্নেয়গিরিতে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ এবং অধ্যাপক সাইমন কার্নও নিশ্চিত করেছেন যে, হায়লি গুব্বির হোলোসিন যুগে অগ্ন্যুৎপাতের কোনো রেকর্ড নেই।

প্রায় ৫০০ মিটার উচ্চতার এ আগ্নেয়গিরিটি রিফট ভ্যালির মধ্যে অবস্থিত। স্থানটি দুটি টেকটোনিক প্লেটের মিলনস্থল এবং ভূ-তাত্ত্বিক কার্যকলাপের একটি সক্রিয় অঞ্চল।

স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ সাইদ জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই অগ্ন্যুৎপাত স্থানীয় পশুপালকদের জীবন-জীবিকার ওপর অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভলক্যানিক অ্যাশ অয়াডভাইজারি সেন্টার (ভিএএসি) জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের মেঘ ইয়েমেন, ওমান, ভারত এবং উত্তর পাকিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

ইন্ডিয়া মেট স্কাই ওয়েদারের সর্বশেষ বিশ্লেষণে বলা হয়েছে, আগ্নেয়গিরির ছাইয়ের যে মেঘ ভারতের আকাশে প্রবেশ করে ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটিয়েছিল, তা এখন উত্তর ভারত থেকে সরে গেছে। বিশ্লেষণে আরো বলা হয়েছে, ছাইয়ের মেঘটি বর্তমানে চীনের ওপরের উচ্চমণ্ডলে ছড়িয়ে পড়ছে এবং প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে।

আরও