সুযোগ পাবে বেসরকারি খাত

ভেনেজুয়েলার জ্বালানি তেল কিউবায় পুনরায় বিক্রির অনুমতি দেবে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গত মাসে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে দেশটির জ্বালানি তেলের রফতানি নিয়ন্ত্রণ করছে ওয়াশিংটন। এতে ভেনেজুয়েলা থেকে কিউবায় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতি কমিউনিস্ট-শাসিত দেশটিতে বিদ্যুৎ উৎপাদন, যানবাহন, গৃহস্থালি ও উড়োজাহাজের জ্বালানির ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ জানিয়েছে, কিউবার বেসরকারি খাতে ভেনেজুয়েলার জ্বালানি তেল পুনরায় বিক্রির অনুমোদন দেয়া হবে। এ বিষয়ে আবেদনকারী কোম্পানিগুলো লাইসেন্স পাবে। পদক্ষেপটি কিউবায় চলমান তীব্র জ্বালানি সংকট কিছুটা লাঘব করতে পারে। খবর রয়টার্স।

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গত মাসে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে দেশটির জ্বালানি তেলের রফতানি নিয়ন্ত্রণ করছে ওয়াশিংটন। এতে ভেনেজুয়েলা থেকে কিউবায় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতি কমিউনিস্ট-শাসিত দেশটিতে বিদ্যুৎ উৎপাদন, যানবাহন, গৃহস্থালি ও উড়োজাহাজের জ্বালানির ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে।

২৫ বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক মিত্র কিউবার প্রধান অপরিশোধিত জ্বালানি তেল ও জ্বালানি সরবরাহকারী ছিল ভেনেজুয়েলা। দুই দেশের মধ্যে পণ্য ও সেবা বিনিময়ের ভিত্তিতে গড়ে ওঠা দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে এ সরবরাহ চলত। বিকল্প সরবরাহকারী মেক্সিকোও গত মাসে হাভানায় একটি জ্বালানি কার্গো পৌঁছানোর পর থেকে আর কোনো চালান পাঠায়নি বলে জানা গেছে।

মার্কিন ট্রেজারির ওয়েবসাইটে বলা হয়েছে, সম্ভাব্য জ্বালানি তেল বিক্রি এমন হতে হবে, যাতে কিউবার সাধারণ মানুষ বিশেষ করে বেসরকারি ব্যবসা উপকৃত হয়। কিউবার সামরিক বাহিনী বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বা তাদের উপকারে আসে এমন লেনদেন এ অনুমোদনের আওতায় পড়বে না।

বর্তমানে ট্রেডিং হাউজ ভিটল ও ট্রাফিগুরা ভেনেজুয়েলার জ্বালানি তেল রফতানির সিংহভাগ পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ভারতে লাখ লাখ ব্যারেল জ্বালানি তেল রফতানি করছে প্রতিষ্ঠান দুটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যারা আগে পণ্য অদলবদল, ঋণ পরিশোধ বা অন্যান্য চুক্তির অংশ হিসেবে ভেনেজুয়েলার জ্বালানি তেল নিত, তাদের এখন থেকে কার্গোর জন্য ন্যায্য বাজারমূল্য পরিশোধ করতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কিউবার মানবিক সংকট সরকারের নীতির ফল। মাদুরোকে আটক করার আগের ভেনেজুয়েলার ওপর মার্কিন জ্বালানি তেল অবরোধের কারণে নয়।

তিনি বলেন, ‌কিউবার জনগণের জানা উচিত—তারা যদি ক্ষুধার্ত থাকে এবং কষ্ট পায়, তা এই কারণে নয় যে আমরা তাদের সাহায্য করতে প্রস্তুত নই। আমরা প্রস্তুত। কিন্তু যারা আমাদের সাহায্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা হলো শাসকগোষ্ঠী, কমিউনিস্ট পার্টি।'

তবে নতুন নীতির পরও স্পষ্ট নয়, কিউবার কোম্পানিগুলো জ্বালানি তেল কেনার সামর্থ্য রাখে কি-না। সাম্প্রতিক বছরগুলোয় স্পট মার্কেট থেকে জ্বালানি আমদানির অর্থ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে দেশটি।

এর আগে যুক্তরাষ্ট্রের ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি ব্যুরো এক নির্দেশনায় জানিয়েছিল, উপযুক্ত কিউবান বেসরকারি খাতের প্রতিষ্ঠানে মার্কিন গ্যাস ও পেট্রোলিয়াম পণ্যের রফতানি ও পুনরায় রফতানি অনুমোদিত হবে।

আরও