এল চ্যাপো থেকে ঘুষ নেয়ায় সাজা পাচ্ছেন মেক্সিকোর সাবেক মন্ত্রী

মাদকচক্রের বিরুদ্ধেই ছিল মেক্সিকোর সাবেক জননিরাপত্তা মন্ত্রী জেনারো গার্সিয়া লুনার দায়িত্ব। ওই চক্রের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে তিনি এখন সাজার মুখোমুখি

মাদকচক্রের বিরুদ্ধেই ছিল মেক্সিকোর সাবেক জননিরাপত্তা মন্ত্রী জেনারো গার্সিয়া লুনার দায়িত্ব। ওই চক্রের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে তিনি এখন সাজার মুখোমুখি। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কারাবন্দী মাদক সম্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যান পরিচালিত শক্তিশালী সিনালোয়া কার্টেলকে রক্ষার দায়িত্ব নিয়েছিলেন গার্সিয়া লুনা। এ জন্য মিলিয়ন ডলার গ্রহণ করেছিলেন তিনি।

গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। বিচার মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি অনুসারে, ৫৯ বছর বয়সী লুনার ন্যূনতম ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

জেনারো গার্সিয়া লুনাকে ২০১৯ সালে টেক্সাস থেকে গ্রেফতার করা হয়। তবে তিনি কখনো দোষ স্বীকার করেননি।

আইনজীবীরা জানান, এল চ্যাপোর অনুসারীদের কাছ থেকে সাবেক এ মন্ত্রী ব্রিফকেস ভর্তি লাখ লাখ ডলার নিয়েছিলেন।

সরকারি দায়িত্ব ছাড়ার পর যুক্তরাষ্ট্রে চলে আসেন গার্সিয়া লুনা। মার্কিন বিচারের মুখোমুখি হওয়া সর্বোচ্চ পদমর্যাদার মেক্সিকান কর্মকর্তা তিনি।

বিষয়টি নিয়ে টুইটারে মন্তব্য করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের মুখপাত্র জেসুস রামিরেজ কুয়েভাস। এই রায়ের প্রশংসা করেন তিনি। সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডেরনকে লক্ষ্য করে বাক্যবাণ ছোড়েন।

২০০৬ সালে ক্যালডেরনের শাসনামলে শুরু হওয়া মাদকবিরোধী যুদ্ধের তদারকিতে ছিলেন গার্সিয়া লুনা।

আরও