হামলাকারীর আত্মহত্যা

পেনসিলভানিয়ায় বাড়িতে ঢুকে গুলি, শিশু-নারীসহ নিহত ৮

হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান স্থানীয় পুলিশ প্রধান। তবে তিনি বলেন, এখানে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিষয় জড়িত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে গুলি চালিয়ে দুই শিশুসহ আটজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। নিহতদের মধ্যে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীও রয়েছেন। পরে ওই বন্দুকধারীও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি।

স্থানীয় কর্মকর্তারা জানান, গত শুক্রবার বিকালে এরি শহরের একটি সড়কে এক ব্যক্তিকে গুলি চালাতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেন। এরপর ওই ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির বাইরে দুই নারীর মরদেহ দেখতে পায়।

এরি পুলিশের প্রধান রিক লোরাহ জানান, বাড়ির ভেতরে বন্দুকধারীসহ অন্যদের মরদেহ পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই আত্মীয়।

হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান লোরাহ। তবে তিনি বলেন, ‘এখানে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিষয় জড়িত।’

গতকাল এক সংবাদ সম্মেলনে লোরাহ বলেন, তদন্তকারীরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছেন। এতে দেখা গেছে, বাড়ির বাইরে নিহত ৫১ ও ৩৭ বছর বয়সী দুই নারী প্রতিবেশীদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করছেন। তাদের একজন বিয়ের সূত্রে ওই পরিবারের আত্মীয় ছিলেন, অন্যজন ছিলেন পরিবারিক বন্ধু।

লোরাহ জানান, বন্দুকধারীকে বাড়ি থেকে বেরিয়ে এসে ওই দুই নারীকে গুলি করতে দেখা যায়।

বাড়ির প্রথম তলায় পাঁচ বছর ও এক বছর বয়সী দুই শিশুর মরদেহ পাওয়া যায়। দ্বিতীয় তলা ও সিঁড়ির কাছে পাওয়া যায় ২৪ ও ৪৪ বছর বয়সী দুই নারী এবং ১৯ ও ২১ বছর বয়সী দুই পুরুষের মরদেহ। বন্দুকধারীর মরদেহও সেখানে ছিল। নিহতদের একজন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান লোরাহ।

আরও