ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম মঙ্গলবার (১০ জুন) রাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, ‘গণতন্ত্র আমাদের চোখের সামনেই আক্রান্ত হচ্ছে।‘ তিনি সতর্ক করেন যে ক্যালিফোর্নিয়ায় যা শুরু হয়েছে, তা দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে। এই ঘটনার প্রেক্ষিতে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ ঘোষণা করা হয়েছে, যা স্থানীয় সময় বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। কারফিউটি প্রায় এক বর্গমাইল এলাকাজুড়ে কার্যকর হয়েছে। খবর রয়টার্স।
এলএ মেয়র কারেন ব্যাস জানিয়েছেন, কারফিউ অঞ্চলটির বাসিন্দা বা কর্মরত ব্যক্তি ছাড়া কেউ সেখানে প্রবেশ করলে গ্রেফতার হতে পারেন।
এদিকে, মঙ্গলবার ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডকে শুধু ফেডারেল ভবন নয়, ইমিগ্রেশন অভিযানেও সক্রিয়ভাবে মোতায়েন করা হয়েছে, যা অনেকের কাছেই সামরিক ক্ষমতার রাজনৈতিক ব্যবহার হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে রাজ্য প্রশাসনের সাথে হোয়াইট হাউসের দ্বন্দ্ব আরো প্রকাশ্যে এল।
মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) জানিয়েছে, সেনারা এখন প্রতিদিনের অভিযানে থাকা কর্মকর্তাদের নিরাপত্তা দিচ্ছেন এবং প্রয়োজনে আক্রমণকারীকে সাময়িকভাবে আটক করতে পারছেন। তবে আইনি গ্রেফতার এখনো শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমেই হচ্ছে।
নিউসম বলেন, ‘ট্রাম্প আমাদের দেশের ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান এবং জ্ঞানের ওপর যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি একটি সামরিক জাল ছড়িয়ে দিচ্ছেন লস অ্যাঞ্জেলেসের ওপর। অভিবাসী পরিবারগুলো এখন কাজ বা স্কুলের সমাবর্তনে যেতেও ভয় পাচ্ছে।‘
তিনি জনগণকে ভয় ও বিভাজনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘বহুদিন ধরে আমরা এই মুহূর্তটির ব্যাপারে ভয় পেতাম। তা এখন এসে গেছে।‘
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কড়াকড়ি এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোর সক্রিয়তা ঘিরে বিভিন্ন শহরে বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়া সরকার ও ফেডারেল প্রশাসনের মধ্যে সম্পর্কে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। তবে মঙ্গলবারের ঘটনার পর, এই টানাপোড়েন এক নতুন মাত্রায় পৌঁছায়।