ইয়েমেন উপকূলের কাছে অ্যাডেন উপসাগরে ফের বেড়েছে জলদস্যুতা। সর্বশেষ গতকাল একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা। জাহাজটিকে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির একাধিক নিরাপত্তা কর্মকর্তা। খবর বিবিসি।
এর আগে ইয়েমেন কোস্টগার্ড জানিয়েছে, এমটি ইউরেকা নামের ট্যাংকারটি ছিনতাই হয়েছে এবং সেটি সোমালিয়ার দিকে অগ্রসর হচ্ছে। অ্যাডেন উপসাগরের কানা বন্দরের কাছে জলদস্যুরা জাহাজটি দখল করে।
আধা-স্বায়ত্তশাসিত পন্টল্যান্ড অঞ্চলের তিন নিরাপত্তা কর্মকর্তা জানান, জলদস্যুরা অ্যাডেন উপসাগর তীরবর্তী কান্দালা শহরের কাছাকাছি একটি প্রত্যন্ত উপকূলীয় এলাকা থেকে যাত্রা শুরু করেছিল।
গত ১০ দিনের মধ্যে এটি ওই এলাকায় দ্বিতীয় জ্বালানি তেলবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা। এর আগে ২২ এপ্রিল হনার ২৫ নামের ট্যাংকার ছিনতাই করা হয়, জাহাজি ১৮ হাজার ৫০০ ব্যারেল জ্বালানি তেল নিয়ে মোগাদিসু যাচ্ছিল।
আফ্রিকার দেশ টোগোর পতাকাবাহী জাহাজ এমটি ইউরেকা। গতকাল স্থানীয় সময় ভোর ৫টার দিকে সশস্ত্র জলদস্যুরা জাহাজটি দখল করে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানান।
সর্বশেষ খবর অনুসারে, জাহাজটি ইয়েমেন ও সোমালিয়ার মাঝামাঝি অ্যাডেন উপসাগরে অবস্থান করছিল এবং শিগগিরই সোমালিয়ার জলসীমায় নোঙর করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্য একটি ঘটনায় যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, শুক্রবার ইয়েমেনের আল-মুকালা উপকূলের কাছে একটি বাল্ক ক্যারিয়ারের দিকে ছোট একটি নৌকা নিয়ে সশস্ত্র ব্যক্তিরা এগিয়ে আসে।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, সশস্ত্র ওই ব্যক্তিরাও কালুলা নামের একটি জেলে শহরের কাছাকাছি এলাকা থেকে যাত্রা করেছিল, যা এমটি ইউরেকা ছিনতাইয়ের স্থান থেকে প্রায় ২০৯ কিলোমিটার দূরে।
এ দুটি আলাদা ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে, সোমালিয়ার দীর্ঘ উপকূলজুড়ে জলদস্যুতা আবারো ছড়িয়ে পড়ছে। সব মিলিয়ে সর্বশেষ দুই সপ্তাহে মোট চারটি সফল জলদস্যু হামলার ঘটনা ঘটল।
আফ্রিকার মূল ভূখণ্ডের মধ্যে সোমালিয়ার উপকূলরেখা সবচেয়ে দীর্ঘ. প্রায় ৩ হাজার ৩৩৩ কিলোমিটার। দেশটির জলসীমায় জলদস্যু দমন কার্যক্রম তদারকি করে সোমালি কর্তৃপক্ষ বা ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী মিশন ইইউএনএভিএফওআর। এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সংস্থা দুটি।
২০১১ সালের পর থেকে অনেকটাই কমে যাওয়া সোমালি জলদস্যুতা ২০২৩ সালের শেষ দিকে আবার বেড়ে যায়। ওই সময় ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরা অ্যাডেন উপসাগর ও লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করে। এর ফলে হুথি হুমকি মোকাবেলায় মনোযোগ সরিয়ে নেয় আন্তর্জাতিক নৌবাহিনী। সেই সুযোগে সোমালিয়ার উপকূলীয় সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে ওঠে।
পন্টল্যান্ডের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘চলমান এই জলদস্যু সংকট অনেকের ধারণার চেয়েও ভয়াবহ। পুরো উপকূলজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর চলাচল বাড়ছে।’