ইরানে চলমান বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে, দাবি সরকারি কর্মকর্তার

মূল্যস্ফীতির জেরে শুরু হওয়া এ বিক্ষোভ গত তিন বছরে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পর আন্তর্জাতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে এ অস্থিরতা দেখা দেয়।

ইরানে দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দেশটির একজন সরকারি কর্মকর্তা প্রথমবারের মতো এত বিপুল সংখ্যক নিহতের খবর নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিক্ষোভ ও সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে তিনি এ ঘটনার জন্য অজ্ঞাত সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করেছেন। সরকারের পক্ষ থেকে ঠিক কতজন বিক্ষোভকারী আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য মারা গেছেন সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট হিসাব দেয়া হয়নি।

এদিকে এ অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ আরো বাড়ানো হয়েছে। ট্রাম্প ঘোষণা করেছেন, যারা ইরানের সঙ্গে ব্যবসা করবে, তাদের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ইরান একটি বড় তেল রফতানিকারক দেশ হওয়ায় যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে চীন, তুরস্ক, ইরাক ও ভারতের মতো অংশীদার দেশগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এরই মধ্যে চীন এ শুল্ক আরোপের তীব্র সমালোচনা করেছে।

এদিকে ইরানের বর্তমান সরকার পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জার্মানির সরকারপ্রধান। তিনি বলেন, কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা প্রমাণ করে, এ সরকারের সময় শেষ হয়ে এসেছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জার্মানি সরকারপ্রধানের এ বক্তব্যকে দ্বিমুখী আচরণ বলে প্রত্যাখ্যান করেছেন।

ইরান সরকার বলছে, শান্তিপূর্ণ অর্থনৈতিক বিক্ষোভ বৈধ হলেও নিরাপত্তা বাহিনী কড়া অবস্থান নিচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, শত শত মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আটক হয়েছে। কয়েক দিন ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। যদিও ফোন পরিষেবা আংশিক ফিরেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সংঘর্ষ ও আগুন লাগানোর দৃশ্য দেখা গেছে।

মূল্যস্ফীতির জেরে শুরু হওয়া এ বিক্ষোভ গত তিন বছরে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পর আন্তর্জাতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে এ অস্থিরতা দেখা দেয়।

আরও