ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য পুনরায় অস্থির হয়ে উঠেছে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজ্যটির পরিস্থিতি শনিবার বিকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে। খবর এনডিটিভি।
মনিপুরের হিন্দু ধর্মাবলম্বী মেইতি এবং মূলত খ্রিষ্টান ধর্মাবলম্বী কুকি জনগোষ্ঠীর মাঝে বিগত প্রায় দুই বছর যাবত নিয়মিত সংঘর্ষ হয়ে আসছে। এসব সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ২৫০ মানুষ নিহত হয়েছেন।
শনিবার (৮ জুন) মেইতি গোষ্ঠীর পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের মাঝে ছিল কমান্ডার আরামবাই টেংগোল। গ্রেফতারের খবর প্রচার হওয়ার পর অস্থিরতা ছড়িয়ে পড়ে। তাদের মুক্তির দাবিতে বিক্ষুব্ধ জনতা একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায়, একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং মণিপুরের রাজধানী ইম্ফলের কিছু এলাকায় রাস্তা আটকায়।
এ ঘটনার প্রেক্ষিতে মণিপুরের পুলিশ পাঁচটি জেলায় কারফিউ জারি করে। এসব জেলার মাঝে ইম্ফল পশ্চিম ও বিষ্ণুপুর রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরের বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে।