সব পর্বতারোহীরই স্বপ্ন থাকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করার। মানুষের অদম্য ইচ্ছা শক্তির কাছে অসংখ্যবার হার মেনেছে হিমালয় পর্বতমালার এই সর্বোচ্চ শৃঙ্গ। একাধিকবার এভারেস্টের চূড়াকে পদদলিত করেছেন এমন পর্বতারোহীর সংখ্যা নিতান্তই কম নয়। তবে সবচেয়ে বেশিবার এভারেস্টের চূড়ায় আরোহণের রেকর্ড দখল করে রেখেছেন নেপালের কামি রিতা শেরপা। সর্বোচ্চ ২৬ বার পর্বতশৃঙ্গটির চূড়ায় আরোহণ করেছেন ৫২ বছর বয়সী এ শেরপা। ২৫তম বারের মতো এভারেস্ট জয়ের রেকর্ডটিও ছিল তারই দখলে।
গতকাল শনিবার নেপালের দিক থেকে জনপ্রিয় দক্ষিণ-পূর্ব শৈলশিরা ধরে ৮ হাজার ৮৪৩ দশমিক ৮৬ মিটার উচ্চতার পর্বতশৃঙ্গটি জয় করেন তিনি। তার নেতৃত্বে শৃঙ্গটির চূড়ায় আরোহন করে আরো ১০ জনের একটি শেরপা পর্বতারোহী দল।
রাজধানী কাঠমান্ডুর পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী বলেন, কামি রিতা তার নিজের করা গত বছরের রেকর্ড ভেঙেছেন এবং পবর্ত আরোহণে একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।
কামি রিতার স্ত্রী জঙমু জানান, তিনি তার স্বামীর এই অর্জনে খুব খুশি হয়েছেন।
এভারেস্টের নেপালের দিকের দক্ষিণ-পূর্ব শৈলশিরা ধরেই ১৯৫৩ সালে শৃঙ্গটি প্রথমবারের মতো জয় করেছিলেন নিউজিল্যান্ডের স্যার এডমান্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নরগে। এখন পর্যন্ত এভারেস্টের চূড়ায় ওঠার সবচেয়ে জনপ্রিয় গমনপথ এটিই।
এই বছর এভারেস্ট আরোহণের জন্য ৩১৬ জনকে অনুমোদন দিয়েছে নেপাল। গত বছর সর্বোচ্চ ৪০৬ জনকে অনুমোদন দিয়েছিল দেশটি।
হিমালয়ান ডাটাবেজ অনুযায়ী, নেপাল ও তিব্বতের দিক দিয়ে এখন পর্যন্ত ১০ হাজার ৬৫৭ বার এভারেস্টের চূড়ায় আরোহণ করা হয়েছে, অনেকে একাধিকবার আরোহণ করেছেন। পর্বতশৃঙ্গটিতে আরোহণ করতে গিয়ে বা নেমে আসার সময় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩১১ জন।