উত্তর জেরুজালেমের রামাত বসতি এলাকার একটি বাস স্টপেজে সোমবার (৮ সেপ্টেম্বর) চালানো হামলায় পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর আল জাজিরা।
ইসরায়েলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, চারজন ঘটনাস্থলেই মারা যান এবং পরে একজনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। এছাড়া অন্তত ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নয়জন গুলিবিদ্ধ এবং তিনজন ভাঙা কাঁচের আঘাতে আহত হয়েছেন।
ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই ফিলিস্তিনি যুবক বাসে উঠে স্থানীয়ভাবে তৈরি সাবমেশিন গান দিয়ে গুলি চালান। হামলার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হন। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফিলিস্তিনি সংগঠন হামাস এবং আল-কুদস ব্রিগেড এ হামলার প্রশংসা করেছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জেরুজালেমের এ অভিযান দখলদার শক্তির অপরাধের স্বাভাবিক প্রতিক্রিয়া। শত্রুর পরিকল্পনা কোনোদিনও শাস্তি ছাড়াই পার পাবে না।‘ আল-কুদস ব্রিগেডও এ হামলাকে ‘বীরত্বপূর্ণ অভিযান’ বলে অভিহিত করেছে।