থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বাজারে বন্দুকধারীর গুলিবর্ষণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এর মাঝে হামলাকারী নিজেও আছেন। তিনি আত্মহত্যা করেছেন বলে জানায় থাই পুলিশ।
থাইল্যান্ডের মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপত্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজনই বাজারের নিরাপত্তাকর্মী। হামলাকারী নিজের শরীরে গুলি করে আত্মহত্যা করেছেন।
গুলিবর্ষণের ঘটনাটি ঘটে কৃষিপণ্যের বাজার ব্যাং স্যু জেলায়। ব্যাংকক পুলিশ কর্মকর্তা সানং স্যাংমানি নিশ্চিত করেছেন যে, কোনো পর্যটক নিহত বা আহত হননি।
থাই পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা হামলাকারীর পরিচয় এবং ঘটনার উদ্দেশ্য জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছি।‘
পুলিশের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা টুপি পরা এবং বুকের সামনে একটি ব্যাগ ঝোলানো একজন ব্যক্তি বাজারের পার্কিং লটে হাঁটছেন। ধারণা করা হচ্ছে, তিনিই হামলাকারী।