ইউরোপে ছুটির আনন্দে নতুন সতর্কতা, ছোট ভুলেও গুনতে হতে পারে বড় জরিমানা

ইতালি, ফ্রান্স, গ্রিস, ভেনিসসহ ইউরোপের অন্য পর্যটনকেন্দ্রে অনুপযুক্ত পোশাক, ধূমপান বা পরিবেশের ক্ষতি হয় এমন আচরণের জন্য বিভিন্ন মাত্রার জরিমানার বিধান রয়েছে। এ ধরনের পদক্ষেপ পর্যটকদের সচেতন করার পাশাপাশি স্থানীয় সম্প্রদায়কে তাদের পরিবেশ পুনরুদ্ধারে সাহায্য করছে।

ধরুন, ছুটি কাটাতে তুরস্কে যাচ্ছেন। আন্তালিয়ায় অবতরণ করেছে আপনার উড়োজাহাজ। নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এক পর্যায়ে সিটবেল্ট খুলে ফেলতেই একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট এসে আপনাকে ৬২ ইউরো জরিমানা করলেন। কেমন লাগবে? ছুটির শুরুতেই এমন অভিজ্ঞতা নিশ্চয়ই অবাক করার মতো!

এখন এমনটা ঘটতেই পারে। এই গ্রীষ্মে ইউরোপের বেশ কিছু পর্যটন কেন্দ্রে এমন কিছু কঠোর নিয়ম চালু করা হয়েছে। সেখানে সিটবেল্ট না বাঁধা, সৈকতে ধূমপান, এমনকি পোশাকের কারণে পর্যটকদের গুনতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা।

পর্তুগালের আলবুফেইরাতে সৈকতের বাইরে সাঁতারের পোশাকে ঘোরাঘুরি করলে দেড় হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। স্পেনের বেলেরিক দ্বীপপুঞ্জে জনসম্মুখে মদ্যপান করলে জরিমানা হতে পারে তিন হাজার ইউরো পর্যন্ত। এমনকি সমুদ্রতীরে সানবেড দখলে রেখে চলে গেলে তাও হতে পারে শাস্তিমূলক জরিমানা। মূলত স্থানীয় বাসিন্দা ও দায়িত্বশীল পর্যটকদের সুরক্ষার জন্য এমন সব নিয়ম তৈরি করা হয়েছে।

স্পেনের পর্যটন অফিসের প্রেস প্রধান জানান, এই নিয়ম কঠোর মনে হলেও এর মূল উদ্দেশ্য পর্যটকদের দায়িত্বশীল ভ্রমণের অভ্যাস গড়ে তোলা। মালাগায় চালু করা ‘ইমপ্রুভ ইয়োর স্টে’ প্রচারণার মাধ্যমে শহরের বাসিন্দাদের সঙ্গে মানানসই আচরণের বিষয়টি পর্যটকদের জানানো হচ্ছে। এতে পোশাকের নিয়ম, আবর্জনা না ফেলা, অতিরিক্ত শব্দ না করা এবং ই-স্কুটারে সতর্ক থাকার মতো নির্দেশনা রয়েছে। এই নিয়ম না মানলে সর্বোচ্চ ৭৫০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।

আলবুফেইরাতে জনসম্মুখে নগ্নতা, প্রকাশ্যে মূত্রত্যাগ বা শপিং কার্ট ফেলে রাখার মতো আচরণও নিষিদ্ধ। পুলিশ নাইটলাইফ কেন্দ্রগুলোতেও নিয়মিত টহল দিচ্ছে ও নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা করছে। মায়োর্কার মেয়র জানিয়েছেন, পর্যটনের সঙ্গে সমাজের সামঞ্জস্য বজায় রাখা ও পরিবেশ সংরক্ষণই তাদের কার্যক্রমের প্রধান লক্ষ্য।

ইতালি, ফ্রান্স, গ্রিস, ভেনিসসহ ইউরোপের অন্য পর্যটনকেন্দ্রে অনুপযুক্ত পোশাক, ধূমপান বা পরিবেশের ক্ষতি হয় এমন আচরণের জন্য বিভিন্ন মাত্রার জরিমানার বিধান রয়েছে। এ ধরনের পদক্ষেপ পর্যটকদের সচেতন করার পাশাপাশি স্থানীয় সম্প্রদায়কে তাদের পরিবেশ পুনরুদ্ধারে সাহায্য করছে।

বিশেষজ্ঞদের মতে, জরিমানার পাশাপাশি ভালো দিকনির্দেশনা ও স্থানীয় সুশাসনের মতো বিষয়গুলো ছাড়া কারো আচরণের পরিবর্তন আনা কঠিন। পর্যটকদের জন্য বার্তাটি স্পষ্ট— ভ্রমণে রোদ, বালি ও সমুদ্র উপভোগ করা সম্ভব। তবে সংযম, সচেতনতা ও সংবেদনশীলতা মেনে চলতে হবে।

— বিবিসি

আরও