দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে ছড়িয়ে পড়া একাধিক দাবানলে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৬ জন, যাদের ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাণ বাঁচাতে প্রায় ২৩ হাজার মানুষ তাদের বাড়ি ছেড়ে চলে গেছেন।
বুধবার (২৬ মার্চ) বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, দেশটির রাজধানী সিউল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সানচেং কাউন্টিতে ২০টিরও বেশি এলাকায় এ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু এই পরিস্থিতিকে 'ভয়ঙ্কর' আখ্যা দিয়ে বলেন, এটি দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল। এখন পর্যন্ত ২৩ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বিবিসির বলছে, দাবানলে বেশ কয়েকটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা পুড়ে গেছে। বিশেষ করে তেরশ বছরের পুরনো গউনসা বৌদ্ধ মন্দির পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। উইসিয়ং শহরের আগুনে ৬১৮ সালে নির্মিত গউনসা মন্দির সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া জোসন রাজবংশের (১৩৯২-১৯১০) সময়ের একটি জাতীয় সম্পদ হিসেবে ঘোষিত স্থাপত্যও দাবানলে পুড়ে গেছে।
গত শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলের সানচিয়ং কাউন্টিতে প্রথম দাবানল শুরু হয়। এই এলাকার শুকনো ও তীব্র বাতাসের প্রভাবে আগুন দ্রুত পার্শ্ববর্তী শহরগুলো উইসিয়ং, আন্দং, চেওংসং, ইয়ংইয়াং এবং ইয়ংডক পর্যন্ত ছড়িয়ে পড়ছে।