রাশিয়ার রাজধানী মস্কো এবং তার আশেপাশের এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেন এ হামলা চালিয়েছে বলে দাবি করছে দেশটি।
যুদ্ধ বন্ধে সৌদি আরবে ইউক্রেন ও মার্কিন নেতাদের মধ্যে অনুষ্ঠেউ বৈঠকের কয়েক ঘণ্টা আগে রাশিয়াই এমন হামলার ঘটনা ঘটলো বলে মঙ্গলবার (১১ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে পোস্ট করে বলেন, মস্কোর বিরুদ্ধে শত্রুদের বড় আকারে ড্রোন হামলা প্রতিরোধে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
তিনি আরো জানান, শহরের দিকে আসা ৭৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া হামলার কারণে একটি জেলা ট্রেন নেটওয়ার্ক বাতিল করা হয়েছে। সেইসঙ্গে মস্কোর বিমানবন্দরে ফ্লাইটে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মস্কো এবং নয়টি অঞ্চলে রাতভর ইউক্রেনের ৩৩৭টি ড্রোন প্রতিহত বা ধ্বংস করা হয়েছে। এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন।