ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুধু স্থগিত করা হয়েছে, বাতিল নয়। তিনি হুঁশিয়ার করে বলেছেন, পাকিস্তান আবার হামলা চালালে ভারত নিজের মতো করে পাল্টা জবাব দেবে। খবর দ্য গার্ডিয়ান।
দুই দেশের মধ্যে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। এক সপ্তাহের উত্তেজনার পর এই যুদ্ধবিরতি সংঘাতের লাগাম টানলেও মোদি স্পষ্ট করেছেন, ভারত কোনোভাবেই আত্মরক্ষায় পিছিয়ে থাকবে না।
নিজ ভাষণে মোদি বলেন, ‘আমি পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছি।‘ তিনি আরো জানান, ভারত ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা করলে তা শুধুমাত্র সন্ত্রাসবাদ ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে হবে।
গত এপ্রিল, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি প্রাণঘাতী জঙ্গি হামলার জবাবে ভারত প্রথমে পাকিস্তানে সামরিক হামলা চালায়। এরপর দু’পক্ষই একে অপরের সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কাশ্মীর সীমান্তজুড়ে শুরু হয় গোলাবর্ষণ, নিহত হয় বহু সাধারণ মানুষ।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যস্থতায় ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই চুক্তি সম্ভব হয়।
তবে মোদি তার ভাষণে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকাকে স্বীকৃতি দেননি। বরং তিনি দাবি করেন, পাকিস্তানই প্রথম ভারতীয় সামরিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতির অনুরোধ জানায় এবং আন্তর্জাতিক সহায়তা চায়।
মোদি বলেন, ‘ভারত ভবিষ্যতে পাকিস্তানের কাছ থেকে কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল মেনে নেবে না।‘
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির শর্ত হিসেবে ভবিষ্যতের আলোচনা তৃতীয় কোনো দেশে অনুষ্ঠিত হবে এবং সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।