আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে মাইলির দলের নিরঙ্কুশ জয়, সংস্কারে গ্রিন সিগনাল

নিম্নকক্ষ হাউস অব ডেপুটিসে 'লা লিবের্তাদ আভানজা'র আসন সংখ্যা ৩৭ থেকে বেড়ে ৬৪ হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ফল মাইলির সরকারকে কংগ্রেসে শক্তিশালী অবস্থান দেবে এবং অন্যান্য দলের সঙ্গে জোট বেঁধে বিরোধী আইনপ্রণেতাদের দ্বারা তার ভেটো বাতিল করা আটকাতে সাহায্য করবে।

আর্জেন্টিনার মধ্যবর্তী আইনসভা নির্বাচনে প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির দল 'লা লিবের্তাদ আভানজা' নিরঙ্কুশ জয়লাভ করেছে। ভোটাররা তার মুক্তবাজার সংস্কার ও কঠোর ব্যয়সংকোচন নীতির পক্ষেই সমর্থন জানিয়েছেন। ফলে অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আনার জন্য একটি শক্তিশালী ম্যান্ডেট পেলেন মাইলি। খবর রয়টার্স।

বিশ্লেষকরা মনে করছেন, এই ফল মাইলির দলের জন্য প্রত্যাশার চেয়েও ভালো। দেশের মানুষ অতীতের অর্থনৈতিক সংকটে ফিরে যাওয়ার ঝুঁকি নিতে চায় না, সে ইঙ্গিত পাওয়া গেছে ভোটে। মাইলির নীতি নিয়ে প্রশ্ন থাকলেও তা মুদ্রাস্ফীতিকে উল্লেখযোগ্যভাবে কমাতে সফল হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, নিম্নকক্ষ হাউস অব ডেপুটিসে 'লা লিবের্তাদ আভানজা'র আসন সংখ্যা ৩৭ থেকে বেড়ে ৬৪ হয়েছে। দীর্ঘদিনের পেরোনিস্ট ঘাঁটি বুয়েনস আইরেস প্রদেশে মাইলির দল পেয়েছেন ৪১ দশমিক ৫ শতাংশ ভোট। যেখানে পেরোনিস্ট জোট পেয়েছে ৪০ দশমিক ৮ শতাংশ ভোট।

বিশ্লেষকদের মতে, এই ফল মাইলির সরকারকে কংগ্রেসে শক্তিশালী অবস্থান দেবে এবং অন্যান্য দলের সঙ্গে জোট বেঁধে বিরোধী আইনপ্রণেতাদের দ্বারা তার ভেটো বাতিল করা আটকাতে সাহায্য করবে। এর ফলে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম আরো দ্রুত এগোবে বলে আশা করা হচ্ছে।

মাইলি সরকারের অধীনে আর্জেন্টিনার মাসিক মুদ্রাস্ফীতি ১২ দশমিক ৮ শতাংশ থেকে কমে ২ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ফলকে স্বাগত জানাবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি আর্জেন্টিনাকে ৪০ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে, যার মধ্যে ২০ বিলিয়ন ডলারের একটি মুদ্রা অদলবদল চুক্তি এরইমধ্যে স্বাক্ষরিত হয়েছে।

বাজার বিশ্লেষকরা আশা করছেন, মাইলির এই জয়ে তার সংস্কারগুলো গতি পাবে এবং এর ফলে আজ সোমবার বাজার খোলার পর বন্ড ও স্টকের দাম বৃদ্ধি পেতে পারে। অনেকে ভবিষ্যদ্বাণী করেছেন যে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত মূল্যায়ন করা পেসোর মূল্য অবমূল্যায়ন করা হতে পারে।

আরও