আগামী দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র–ইরান : ট্রাম্প

১৪ আপডেট
  • ১৪ এপ্রিল, ২০২৬

    ইরানের বন্দর অবরুদ্ধে মার্কিনিদের ১০ হাজার সেনা ও ১২ যুদ্ধজাহাজ মোতায়েন

    ইরানের হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো অবরুদ্ধ করতে ১০ হাজার সেনা ও ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে।

    এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর আরোপকৃত অবরোধে ১০ হাজারেরও বেশি সেনা এবং ১২টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। ইরানের ভেতরে প্রবেশ বা বাইরে বের হওয়ার চেষ্টা করা ‘যেকোনো দেশের’ জাহাজের ক্ষেত্রেই এই কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় একটি জাহাজও মার্কিন অবরোধ ভেদ করতে পারেনি। ওমান উপসাগরে থাকা ছয়টি বাণিজ্যিক জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশ মেনে গতিপথ পরিবর্তন করে পুনরায় ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে।’

  • ১৪ এপ্রিল, ২০২৬

    ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক, ভেন্যু আলোচনায় আরো তিন দেশ

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা এই সপ্তাহে বা আগামী সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত হতে পারে। তবে ঠিক কোথায় এই বৈঠক হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপিত হয়েছে। পাকিস্তানে ইরানি দূতাবাসের এক মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দ্বিতীয় দফা বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা খুব শিগগির হতে পারে। তবে আল-জাজিরা ও অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, এখনো বৈঠকের নির্দিষ্ট তারিখ ও স্থান চূড়ান্ত হয়নি।

    সম্ভাব্য ভেন্যু হিসেবে ইসলামাবাদের পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভার নাম আলোচনায় রয়েছে। এছাড়া ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফা আলোচনার ক্ষেত্রে তুরস্ক এবং মিশর সম্ভাব্য আয়োজক হতে পারে।

    এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফা বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই দাবি করেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে আলোচনা ব্যর্থ হয়। অন্যদিকে জেডি ভ্যান্স বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

  • ১৪ এপ্রিল, ২০২৬

    মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব শি জিনপিংয়ের

    মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব উত্থাপন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

    সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শি জিনপিংয়ের প্রস্তাবে আঞ্চলিক শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয়ের নীতিকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।

    বৈশ্বিক আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে শি জিনপিং বলেন, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করতে হবে। এটি এমন হতে পারে না যে সুবিধা হলে ব্যবহার করবো, আর না হলে তা পরিত্যাগ করবো। আমরা বিশ্বকে পুনরায় ‘জোর-যার-মুলুক-তার’ নীতিতে ফিরে যেতে দিতে পারি না।

  • ১৪ এপ্রিল, ২০২৬

    আগামী দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র–ইরান: ট্রাম্প

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ‘আগামী দুই দিনের মধ্যে’ পুনরায় শুরু হতে পারে বলে নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    সংবাদপত্রটিকে ট্রাম্প বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে (পাকিস্তান) যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।’

    এর আগে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ অন্যদের মধ্যে সপ্তাহান্তে এক বৈঠক হয়। তবে সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল।

    আজ মঙ্গলবার দিনের শুরুতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়ে একমত হওয়ার ‘কোনো তথ্য নেই’।

  • ১৪ এপ্রিল, ২০২৬

    ইরান যুদ্ধের মধ্যে তেল থেকে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ

    রাশিয়ার তেল রফতানি থেকে আয় মার্চ মাসে প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সংস্থাটির তথ্য অনুযায়ী, মার্চে রাশিয়া তেল ও তেলজাত পণ্য রপ্তানি করে প্রায় ১৯ বিলিয়ন ডলার আয় করেছে। রফতানির পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়ে দিনে প্রায় ৭.১ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে ছিল মাত্র ৩ লাখ ২০ হাজার ব্যারেল।

    এ বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে মার্কিন কিছু নিষেধাজ্ঞা শিথিল করা। যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের কারণে আরোপিত রাশিয়ার তেল বিক্রির কিছু বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করে, যাতে এরই মধ্যে সমুদ্রে থাকা তেল ১১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দেশ কিনতে পারে।

    সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

  • ১৪ এপ্রিল, ২০২৬

    হরমুজ প্রণালি অবরুদ্ধ করা থেকে সরে যেতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব

    হরমুজ প্রণালি অবরুদ্ধ করা থেকে সরে গিয়ে আলোচনার টেবিলে ফেরার জন্য যুক্তরাষ্ট্রকে ‘চাপ দিচ্ছে’ সৌদি আরব। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সৌদি আরবের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরুদ্ধ করার যে পদক্ষেপ নিয়েছেন, তাতে ইরানের সঙ্গে উত্তেজনা আরো বাড়তে পারে ও জাহাজে পণ্য পরিবহনের অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে পারে। আরব কর্মকর্তারা বলেন, সৌদি আরব সতর্ক করে বলেছে, এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে। বাব আল–মান্দেব লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ। সৌদি আরবের তেল রপ্তানিতে এ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ১৪ এপ্রিল, ২০২৬

    ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব পুতিনের

    ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার মস্কোতে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুতিনের মুখপাত্র ও ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ।

    ব্রিফিংয়ে পেসকভ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার পরই এ প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। আগেও আমরা এমন একটি প্রস্তাব দিয়েছিলাম।’

    সোমবারের ব্রিফিংয়ে পেসকভ আরো জানান, আগের দিন রোববার টেলিফোনে কথা হয়েছে পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে। পেজেশকিয়ান ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে বৈঠকের বিভিন্ন তথ্য পুতিনকে জানিয়েছেন। ‘প্রেসিডেন্ট পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগে সহযোগিতা করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ’, বলেছেন পেসকভ। ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম আছে। এই ইউরেনিয়াম ৬০ শতাংশ বিশুদ্ধ বা পরিশুদ্ধ। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী এ বিশুদ্ধতার মান ৯০ শতাংশে উন্নীত করা হলেই পরমাণু বোমা তৈরি করতে পারবে ইরান।

  • ১৪ এপ্রিল, ২০২৬

    ইরানের বন্দর অবরোধ যুক্তরাষ্ট্রের বিপজ্জনক পদক্ষেপ: চীন

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র যেভাবে সামরিক তৎপরতা বৃদ্ধি ও ইরানের বন্দর অবরোধের পদক্ষেপ নিয়েছে, তাতে শুধু উত্তেজনাই বাড়বে এবং যুদ্ধবিরতি চুক্তিকে আরো দুর্বল করবে। এক সংবাদ সম্মেলনে গুয়ো জিয়াকুন আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে।’ তিনি যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ’ বলে উল্লেখ করেন।

    গতকাল সোমবার থেকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ শুরু হয়েছে।

  • ১৪ এপ্রিল, ২০২৬

    বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদায় সর্বোচ্চ পতনের আশঙ্কা করছে আইইএ

    চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেলের চাহিদায় বড় ধরনের পতনের আশঙ্কা করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটি বলছে, বিশ্ববাজারে উচ্চমূল্যের কারণে কভিড-১৯ মহামারীর পর এটিই হতে যাচ্ছে জ্বালানি তেলের চাহিদার সবচেয়ে বড় ত্রৈমাসিক পতন।

    এপ্রিল-জুন প্রান্তিকে বিশ্বে দৈনিক জ্বালানি তেলের চাহিদা প্রায় ১৫ লাখ ব্যারেল কমে যেতে পারে জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আইইএ।

    প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি তেলের ব্যবহার সবচেয়ে বেশি কমেছে। তবে সরবরাহ সংকট ও উচ্চমূল্য অব্যাহত থাকলে এ চাহিদা হ্রাস আরো বিস্তৃত হবে বলে জানিয়েছে সংস্থাটি।

    পুরো বছরজুড়ে বৈশ্বিক জ্বালানি তেলের চাহিদা দৈনিক গড়ে ৮০ হাজার ব্যারেল কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আইইএ।

    অন্যদিকে সরবরাহ পরিস্থিতিতেও বড় ধাক্কার কথা জানিয়েছে সংস্থাটি। তাদের মতে, গত মাসে বিশ্বে দৈনিক জ্বালানি তেল সরবরাহ কমেছে প্রায় ১ কোটি ১ লাখ ব্যারেল। মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামোর ওপর হামলা ও হরমুজ প্রণালি দিয়ে ট্যাংকার চলাচলে বিধিনিষেধের কারণে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিঘ্ন ঘটেছে।

    জ্বালাননি তেলের দামের ক্ষেত্রেও নজিরবিহীন উল্লম্ফন দেখা গেছে। আইইএর তথ্যানুযায়ী, মার্চ মাসে বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম মাসভিত্তিক ৪২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৯৭ ডলারে পৌঁছেছে।

    সূত্র: সিএনএন

  • ১৪ এপ্রিল, ২০২৬

    প্রাথমিক হিসাবে যুদ্ধে ২৭০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি ইরানের

    প্রাথমিক হিসাবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানির বরাতে আধা-সরকারী সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

    মোহাজেরানি জানান, এ ক্ষয়ক্ষতির হিসাব এখনো চূড়ান্ত নয়, এটা আরো বাড়তে পারে। শান্তি আলোচনায় যুদ্ধের ক্ষতিপূরণ একটি গুরুত্বপূর্ণ ইস্যু বলেও জানান তিনি।

    যুদ্ধোত্তর পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার জন্য ইরানের বর্তমান নেতৃত্ব বেশ কিছু শর্ত সামনে এনেছে। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া, যুদ্ধের ক্ষতিপূরণ ও দেশটির ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার।

    সূত্র: সিএনএন

  • ১৪ এপ্রিল, ২০২৬

    পাঁচ বছরের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিতের প্রস্তাব ইরানের: প্রতিবেদন

    আগামী পাঁচ বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব দিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র ২০ বছরের সময়সীমার ওপর জোর দিয়ে সেই প্রস্তাব নাকচ করেছে।

    সিনিয়র ইরানি ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় তেহরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখা নিয়ে দুই দেশ নিজেদের প্রস্তাব আদান-প্রদান করেছে। তবে সমঝোতায় পৌঁছাতে এখনো তাদের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়ে গেছে।

    তবু এসব আলোচনা ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। সামনে তাদের একটি দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

    ইরানের পারমাণবিক কর্মসূচি এই সংঘাতের অন্যতম প্রধান জটিল বিষয় হিসেবেই রয়ে গেছে।

    গত রোববার ডোনাল্ড ট্রাম্প পুনরায় বলেছেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান যাতে কোনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

    সূত্র: বিবিসি

  • ১৪ এপ্রিল, ২০২৬

    হরমুজ প্রণালি অতিক্রম করল মার্কিন নিষেধাজ্ঞায় থাকা ট্যাংকার

    মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি চীনা জ্বালানি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। গুরুত্বপূর্ণ জলপথটিতে যুক্তরাষ্ট্রের অবরোধেরই মাঝে গন্তব্য নির্ধারিত ঠিক রেখেছে নৌযানটি।

    এলএসইজি, মেরিন ট্রাফিক ও কেপলারের তথ্যের উদ্ধৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে রয়টার্স।

    খবরে বলা হয়, ‘রিচ স্টারি’ নামের ওই ট্যাংকার অবরোধ শুরু হওয়ার পর প্রথম জাহাজ, যা হরমুজ প্রণালী অতিক্রম করে উপসাগরীয় এলাকা থেকে বের হতে সক্ষম হয়েছে। জাহাজটি ও এর মালিকানা প্রতিষ্ঠান সাংহাই জুয়ারুন শিপিং কোম্পানি আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞায় ছিল। এর কারণ ইরানের সঙ্গে লেনদেন।

    ট্যাংকারটি সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) হামরিয়াহ বন্দরে জ্বালানি তেল লোড করেছিল।

    যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা আরেকটি ট্যাংকার ‘মুরলিকৃষান’ বর্তমানে প্রণালির দিকে এগোচ্ছে এবং এটি ১৬ এপ্রিল ইরাক থেকে জ্বালানি তেল তুলবে। ‘এমকেএ’ নামে পরিচিত জাহাজটি আগে রাশিয়া ও ইরানের জ্বালানি তেল পরিবহন করেছে।

  • ১৪ এপ্রিল, ২০২৬

    ইসরায়েল-লেবাননের বৈঠকের প্রস্তুতি যুক্তরাষ্ট্রে

    লেবাননের সংস্কৃতিমন্ত্রী ঘাসান সালামে জানিয়েছেন, ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের মধ্যে আসন্ন বৈঠক মূলত ইসরায়েলের হামলা বন্ধের লক্ষ্যেই অনুষ্ঠিত হচ্ছে।

    এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি রাষ্ট্রদূত পর্যায়ের একটি প্রস্তুতিমূলক বৈঠক। পুরোপুরি যুদ্ধবিরতি সম্ভব না হলেও এর লক্ষ্য অন্তত সামরিক কর্মকাণ্ডে বিরতি আনা।’

    তিনি আরো বলেন, ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধ না হলে শান্তি আলোচনা নিয়ে ‘স্বাভাবিক পরিবেশে’ কথা বলা সম্ভব হবে না।

    সালামে জানান, বৈরুতে উত্তেজনা কমানোর বিষয়ে ‘কিছু প্রতিশ্রুতি’ তারা পেয়েছেন। যদিও স্বীকার করেন, এটিকে পুরোপুরি ‘নিশ্চয়তা’ বলা যায় না।

    আসন্ন আলোচনায় লেবাননের অবস্থান দুর্বল—এ কথাও স্বীকার করেন তিনি। তবে সরকারের লক্ষ্য হলো ‘রাষ্ট্রের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা।’

    হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে ঘাসান সালামে বলেন, এটি সময়সাপেক্ষ প্রক্রিয়া, যা কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে সম্ভব নয়।

    এদিকে দক্ষিণ লেবাননের তেবনিন সরকারি হাসপাতালে ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। আল জাজিরা যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের ভেতরের করিডরজুড়ে মাটি ও ভাঙা কাচ ছড়িয়ে আছে, অনেক কক্ষে যন্ত্রপাতি উল্টে পড়ে রয়েছে। বাইরে ধ্বংসাবশেষের আঘাতে গাড়িরও ক্ষতি হয়েছে।

    লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, এ হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

    প্রতিবেদন অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ হামলার বেশির ভাগই দেশটির দক্ষিণাঞ্চলে কেন্দ্রীভূত।

    এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে সংঘর্ষের সময় তাদের এক সেনা নিহত হয়েছেন। অপর তিন সেনা আহত হয়েছেন।

    সূত্র: আল জাজিরা

  • ১৪ এপ্রিল, ২০২৬

    শান্তি আলোচনার প্রত্যাশা, জ্বালানি তেলের দাম কমল

    যুদ্ধ পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা কমায় এশিয়ার বাজারে আজ সকালের প্রাথমিক লেনদেনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা এগিয়ে যেতে পারে।

    অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ২ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ২০ সেন্টে নেমে এসেছে। একইভাবে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ২ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৬ ডলার ৯০ সেন্ট।

    গতকাল ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অন্য পক্ষ’ থেকে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আরো জানান, ইরান ‘খুবই আগ্রহের সঙ্গে’ একটি সমঝোতায় পৌঁছাতে চায়।

    এর আগে গত রোববার আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানি জ্বালানি তেল পরিবহন অবরোধের নির্দেশ দেন ট্রাম্প। এর ফলে গতকাল জ্বালানি তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠে গিয়েছিল।

    এদিকে এশিয়ার শেয়ারবাজারেও কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। আর দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৩ শতাংশের বেশি সম্প্রসারিত হয়েছে।

    সূত্র: বিবিসি

ট্রাম্পের আক্রমণের পরও যুদ্ধবিরোধী অবস্থানে অনড় পোপ লিও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আক্রমণের পরও যুদ্ধবিরোধী অবস্থান বজায় রাখবেন বলে জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। বিশ্বের ১৪০ কোটি সদস্যের চার্চের নেতা হিসেবে যুদ্ধের বিরোধিতা থেকে সরে আসবেন না তিনি।

আলজেরিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে গতকাল সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন পোপ লিও। ১০ দিনের এ সফরে তার গন্তব্য আফ্রিকার চারটি দেশ।

ট্রাম্পের সঙ্গে কোনো বিতর্কে জড়াতে চান না উল্লেখ করে পোপ বলেন, ‘আমি তার সঙ্গে তর্কে যেতে চাই না। সুসমাচারের বার্তাকে যেভাবে কিছু মানুষ ব্যবহার করছে, তা সঠিক নয় বলে মনে করি আমি।’

তিনি আরো বলেন, ‘আমি জোরালোভাবে যুদ্ধের বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাব। শান্তি প্রতিষ্ঠা, সংলাপ বাড়ানো এবং রাষ্ট্রগুলোর মধ্যে বহুপক্ষীয় সম্পর্ক জোরদারের মাধ্যমে সমস্যার ন্যায্য সমাধান খোঁজার পক্ষে আমি কাজ করব।’

পোপ লিও। ছবি: রয়টার্স

পোপ লিও বলেন, বর্তমানে বিশ্বে অসংখ্য মানুষ কষ্টে আছে। অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছে। আমি মনে করি, কারো না কারো তাদের পক্ষে কথা বলা দরকার।

চার্চের বার্তা সম্পর্কে তিনি বলেন, চার্চের বার্তা, আমার বার্তা, সুসমাচারের বার্তা হলো ‘শান্তি প্রতিষ্ঠাকারীরা ধন্য’। আমি আমার ভূমিকা রাজনৈতিক বা রাজনীতিবিদের মতো দেখি না।

শিকাগোতে জন্ম নেয়া পোপ লিও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে সরব সমালোচক হয়ে উঠেছেন। গত শনিবার এক শান্তির আহ্বানে তিনি যুদ্ধকে ‘উন্মাদনা’ বলে উল্লেখ করেন।

পোপের এসব সমালোচনার প্রতিক্রিয়ায় ট্রাম্প গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আক্রমণ করে বলেন, ‘পোপ লিও অপরাধ বিষয়ে দুর্বল এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভয়াবহ।’

পোপ ‘চরম বামপন্থীদের তোষণ করছেন’ এমন অভিযোগ এনে ট্রাম্প এও বলেন, তিনি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না।

সূত্র: রয়টার্স

আরও