পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করল ভারত

১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানি প্রেসিডেন্ট আইয়ূব খান এ চুক্তি স্বাক্ষর করেছিলেন। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় বহুল আলোচিত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সিন্ধু নদের পানি ব্যবহার নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ সমঝোতায় পৌঁছে। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে সফল পানি বণ্টন চুক্তি হিসেবে বিবেচনা করা হয় ভারত-পাকিস্তানের এ চুক্তিকে।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকের পর এ চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে পাকিস্তানিদের জন্য সার্কের বিশেষ ভিসা সুবিধা বাতিলসহ মোট পাঁচটি পদক্ষেপ নিয়েছে দিল্লি।

১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানি প্রেসিডেন্ট আইয়ুব খান এ চুক্তি স্বাক্ষর করেছিলেন। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় বহুল আলোচিত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সিন্ধু নদের পানি ব্যবহার নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ সমঝোতায় পৌঁছে। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে সফল পানি বণ্টন চুক্তি হিসেবে বিবেচনা করা হয় ভারত-পাকিস্তানের এ চুক্তিকে। পহেলগামে হামলার পর আজ এ চুক্তি স্থগিত করা হয়েছে। ঘোষণার পর থেকেই চুক্তি স্থগিত হয়েছে বলে জানানো হয় ভারত সরকারের তরফ থেকে। এ চুক্তির ফলে চিরবৈরী দুই দেশের মধ্য দিয়ে প্রবহমান সিন্ধু নদীর উপকার উভয়পক্ষই ভোগ করছিল। চুক্তি স্থগিতের ফলে ভাটিতে থাকা পাকিস্তানের নদী তীরবর্তী অঞ্চল মারাত্মক সংকটে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

ভারত-পাকিস্তানের মধ্যে আটারি-ওয়াঘা সমন্বিত চেকপোস্ট তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারত। তবে বৈধ ভিসা নিয়ে পাকিস্তানে অবস্থানকারী ব্যক্তিরা ১ মের আগে এ রুট দিয়ে ফিরতে পারবেন।

এছাড়া পাকিস্তানের নাগরিকদের আর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ভিসা ছাড় প্রকল্পের আওতায় ভারতে প্রবেশের অনুমতি দেয়া হবে না। অতীতে যেসব ভিসা দেয়া হয়েছিল, সেগুলোও বাতিল করা হয়েছে। বর্তমানে যেসব পাকিস্তানি নাগরিক এ স্কিমের আওতায় ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।

কূটনৈতিকভাবেও পরিবর্তনের ঘোষণা এসেছে। পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত নৌ ও বিমান উপদেষ্টাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত সামরিক উপদেষ্টাদেরও প্রত্যাহার করা হবে। সবশেষে উভয় দেশের হাইকমিশনের কর্মীসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ আনা হবে। এ সিদ্ধান্ত আগামী ১ মের মধ্যে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে ওই সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলছে ভারত সরকার। যদিও পাকিস্তানের কর্মকর্তারা ঘটনার নিন্দা জানিয়েছেন, একই সঙ্গে এসব ঘটনায় পাকিস্তানের ওপর দায় চাপানোরও প্রতিবাদ জানিয়েছেন। ভারতের সংবাদমাধ্যমগুলো সে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলছে, হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ)।

আরও