ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর (এএফপি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল আন্দ্রেস ক্যাস্টোর সেন্টিনো। এর আগে নিয়োগের মাত্র পাঁচ মাসের মধ্যেই গত শনিবার আগের সেনাপ্রধানকে অপসারণ করেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। অবসরের দ্বারপ্রান্তে থাকা জেনারেল সেন্টিনো নিয়োগ পেয়েই প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে তার প্রতি আস্থা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ জানান নতুন এএফপি প্রধান। খবর ম্যানিলা টাইমস।
বিদায়ী সেনাপ্রধান লে. জেনারেল বার্টলোমে বাকারোকে অপসারণের কোনো কারণ উল্লেখ করেনি প্রেসিডেন্টের কার্যালয়। বাকারোর তিন বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের আগস্টে। অথচ হঠাৎ করেই নিয়োগের মেয়াদ কমিয়ে আস্থাভাজন সেন্টিনোকে নিয়োগ দেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস। সেন্টিনোর আগামী ফেব্রুয়ারিতে অবসর নেয়ার কথা। তবে নতুন দায়িত্ব পাওয়ায় তিন বছরের মেয়াদ পাবেন তিনি। অপসারণের বিষয়ে জানতে চাইলে বাকারো তেমন মন্তব্য করেননি। তিনি টেক্সট বার্তায় সাংবাদিকদের জানান, সেনাবাহিনী নতুন প্রধানকে সমর্থন করবে। দেশটির পুলিশ বাহিনীর মুখপাত্র কর্নেল জিন ফাহার্ডো বলেন, ম্যানিলায় বার্ষিক ধর্মীয় সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে উচ্চতর সতর্কতায় রাখা হয়েছে। নতুন সেনাপ্রধান নিয়োগের পদক্ষেপটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সামরিক প্রতিরোধের সঙ্গে সম্পর্কিত এমন বক্তব্য অস্বীকার করেন ফাহার্ডো।
সামরিক প্রধানদের নিয়োগ একটি সংবেদনশীল বিষয়। সামরিক বাহিনীর ইতিহাস অন্তত সেটাই বলে। অভ্যুত্থান প্রচেষ্টা, দুর্নীতির কেলেঙ্কারি, মানবাধিকার লঙ্ঘনসহ বহু অভিযোগের মুখোমুখি হয়েছে এ বাহিনী। সেনাবাহিনীতে পেশাদারত্ব গড়ে তোলার জন্য এবং দেশটির বিশৃঙ্খল ও দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে বাহিনীকে সুরক্ষিত করার চেষ্টা করছেন দেশটির প্রেসিডেন্ট।
শনিবার রাজধানীর প্রধান সামরিক ক্যাম্পে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বাকারো নতুন সেনাপ্রধান সেন্টিনোকে সামরিক নেতৃত্বের প্রতীক হিসেবে একটি তলোয়ার তুলে দেন। অনুষ্ঠানে মার্কোস উপস্থিত না থাকলেও প্রতিনিধি হিসেবে তার মুখ্য সচিব লুকাস বারসামিন ছিলেন। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে কৃতিত্বের জন্য বাকারোর প্রতি প্রেসিডেন্ট সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করার অনুরোধ করেছেন। তার সামরিক কর্মজীবন শেষ হওয়ার পর আরেকটি সরকারি পদে নিয়োগ দেয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।