বিশ্বজুড়ে 'হোয়াইট কলার' বা করপোরেট পেশাজীবীদের জন্য এক বড় সতর্কবার্তা দিয়েছেন বিল গেটস। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও প্রযুক্তি বিশেষজ্ঞ বিল গেটস জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এত দ্রুত কর্মসংস্থানের বাজার বদলে দিচ্ছে যে, বিভিন্ন দেশের সরকার তা সামাল দেয়ার জন্য মোটেও প্রস্তুত নয়।
বিল গেটস বলেন, ‘আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে শুধু হোয়াইট কলারই (অফিসকর্মী) নয়, এমনকি ব্লু কলার (শ্রমজীবী)— উভয় খাতের কর্মসংস্থানেই বড় পরিবর্তন আসবে। তখন সরকারগুলোকে বৈষম্য ও ন্যায্যতার প্রশ্ন সামনে এনে সিদ্ধান্ত নিতে হবে।‘
এআই-এর ইতিবাচক দিক যেমন রোগ নিরাময়ে অগ্রগতি বা শিক্ষার প্রসারকে স্বীকার করলেও গেটস সতর্ক করে দেন, সঠিক নীতি না থাকলে কর্মসংস্থান, নিয়োগব্যবস্থা ও অর্থনৈতিক ভারসাম্যে মারাত্মক প্রভাব পড়তে পারে।
তিনি বলেন, ‘মানুষকে নতুন করে প্রশিক্ষণ দেবেন কি না, করব্যবস্থা বদলাবেন কি না—এই প্রশ্নগুলো সামনে আসবে। এখনো প্রভাব তুলনামূলক কম, কিন্তু এটা বেশিদিন থাকবে না।‘
গেটসের মতে, এআই আগের প্রযুক্তি বিপ্লবগুলোর চেয়ে দ্রুত এবং গভীরভাবে সমাজের নানা স্তরে ঢুকে পড়ছে। সফটওয়্যার উন্নয়নে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি লজিস্টিকস ও কল সেন্টারের মতো খাতে কম দক্ষতার কাজও এরইমধ্যে এআই দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এতে বৈষম্য আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে সমন্বিত নীতি ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন গেটস।