ইরান যুদ্ধে ‘নিরপেক্ষ’ থাকার জন্য শি-পুতিনকে ধন্যবাদ ট্রাম্পের

যুদ্ধবিরতি চুক্তি গৃহীত হওয়ার পর ট্রাম্প বলেন, আমি শুধু তাদের ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা ওই পরিস্থিতিতে অনেক ভালো ভূমিকা রেখেছেন

ইরান যুদ্ধের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘নিরপেক্ষ’ অবস্থানে ছিলেন বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে তারা বাধাগ্রস্ত করেননি। খবর রয়টার্স।

যুদ্ধবিরতি চুক্তি গৃহীত হওয়ার পর ট্রাম্প বলেন, ‘আমি শুধু তাদের ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা ওই পরিস্থিতিতে অনেক ভালো ভূমিকা রেখেছেন।’

ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি কৃতজ্ঞ যে দুই নেতা সংঘাতে জড়াননি।

ট্রাম্প বলেন, আমি চীনকে, প্রেসিডেন্ট শিকে ধন্যবাদ জানাতে চাই। তিনি পুরোপুরি নিরপেক্ষ ছিলেন। আমি এর প্রশংসা করি।

তিনি আরও বলেন, ‘আর আমি ভ্লাদিমির পুতিনকেও ধন্যবাদ জানাতে চাই। তিনিও খুব নিরপেক্ষ ছিলেন। তারা চাইলে আমাদের জন্য পরিস্থিতি অনেক বেশি কঠিন করে তুলতে পারতেন।’

ট্রাম্পের এ মন্তব্যে জাপান থেকে ইউরোপ পর্যন্ত মার্কিন মিত্রদের সম্পর্কে তার সাম্প্রতিক সমালোচনার সঙ্গে বৈপরীত্য তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেছিলেন, সামরিক অভিযান কিংবা পরে ইরানের অবরোধের মুখে পড়া হরমুজ প্রণালির নৌপথ সচল করার প্রচেষ্টায় তারা যথেষ্ট সহায়তা করেনি।

মস্কো ও বেইজিংয়ের সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাশিয়া সতর্ক করে বলেছে, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করতে পারে।

অন্যদিকে চীন ওয়াশিংটনের তেহরান হামলাকে দেশটির সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, বেইজিং এমন কিছু পণ্য তেহরানকে সরবরাহ করেছে, যেগুলোর সম্ভাব্য সামরিক ব্যবহার রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি জ্বালানি তেলের প্রধান ক্রেতা ছিল চীন।

তবে ট্রাম্প দাবি করেন, শি জিনপিং সংঘাত নিরসনে সহায়ক ভূমিকা পালন করেছেন এবং ‘বড় ধরনের অস্ত্র’ বা কাঁধে বহনযোগ্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পাঠানো থেকে বিরত ছিলেন।

ট্রাম্প বলেন, তারা চাইলে একটি জ্বালানি তেলবাহী জাহাজের সঙ্গে দুই পাশে ছয়টি ডেস্ট্রয়ার পাঠাতে পারতেন। তারা তা করেননি। প্রেসিডেন্ট শি আমাকে সহায়তা করেছেন। তিনি সাহায্য করার চেষ্টা করেছেন এবং আমার মনে হয়, সমস্যা সমাধানে তার ভূমিকা ছিল।

আরও