তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সরকারি দায়িত্ব পালন করতে শুরু করেছেন চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। আজ রোববার শপথগ্রহণ অনুষ্ঠান থেকে ফিরেই প্রথম সরকারি আদেশে সই করেছেন তিনি। খবর হিন্দুস্থান টাইমস।
এ আদেশ বলছে, রাজ্যের জনসাধারণের কল্যাণ নিশ্চিতে নতুন সরকার আবাসিক গ্রাহকদের বিনামূল্যে ২০০ ইউনিট করে বিদ্যুৎ দেবে। সেই সঙ্গে রাজ্যের নারীদের সুরক্ষা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিয়েছেন থালাপতি।
আজ স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। শপথ নেন নতুন সরকারের নয়জন মন্ত্রীও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও এসেছিলেন।
গত সোমবার তামিলনাডু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় ১০৮টি আসন। এর মধ্যে বিজয় নিজে লড়েছিলেন দুটি আসনে। ফলে দলের মোট বিধায়কের সংখ্যা ১০৭। কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।
এ ম্যাজিক ফিগার অতিক্রম করতে বিজয়ের সময় লেগেছে পাঁচ দিন, রাজ্যপালের সঙ্গে চারটি বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনা। গতকাল শনিবার পর্যন্ত টিভিকের সমর্থন কার্যত ১১৬ তে আটকে ছিল। পরে ভিসিকে ও আইইউএমএলের সমর্থন নিশ্চিত হওয়া দক্ষিণ ভারতের রাজ্যটিতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ তৈরি হয়। একই সঙ্গে এ সরকার গঠনের মাধ্যমে প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো দলের সরকার প্রতিষ্ঠিত হলো।