সৌদি আরবের মক্কার একটি মসজিদের ভেতরে ‘অশালীন কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। গত বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গলফ নিউজ।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশী হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
বিবৃতিতে বলা হয়, মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। আদালত তাদের দোষী সাব্যস্ত করে ইসলামী আইনের অধীনে ‘তাজির’ ধারায় মৃত্যুদণ্ড দেন। তাজির হলো ইসলামী আইনে এমন শাস্তি, যার ধরন ও মাত্রা নির্ধারণের ক্ষেত্রে বিচারকের বিবেচনার সুযোগ থাকে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপরাধের গুরুতর প্রকৃতি, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় আদালত তাদের এ সাজা দেন। সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের অনুমোদনের পর রায়টি চূড়ান্ত হয়। পরে রাজকীয় আদেশের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেয়া হয়।
বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইসলামী আইন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িত অন্য ব্যক্তিদেরও সৌদি আরবের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।