যুক্তরাষ্ট্র থেকে হাজার কোটি ডলারের অস্ত্র কিনছে পোল্যান্ড

পোল্যান্ডের কাছে এক হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। এ চালানে থাকবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, রকেট ও লঞ্চার

পোল্যান্ডের কাছে এক হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। এ চালানে থাকবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, রকেট ও লঞ্চার। খবর রয়টার্স।

আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর না হলেও গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে পেন্টাগন।

সামরিক বাহিনীর আধুনিকায়নে দীর্ঘদিন ধরেই বিপুল অর্থ খরচ করছে পোল্যান্ড। ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে তা নতুন মাত্রা পেয়েছে। এ ছাড়া যুদ্ধ বিধ্বস্ত প্রতিবেশী দেশটিকে পুরোনো অস্ত্র অনুদান হিসেবে দিচ্ছে পোল্যান্ড।

প্রস্তাবিত প্যাকেজে রয়েছে ১৮টি হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস)। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে এ অস্ত্রের কার্যকারিতা নিয়ে আগেই প্রশংসা করেছিল ইউক্রেন। তালিকায় আছে ১৮৫ মাইল পাল্লার ৮৫টি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ও ১৫৫৯টি গাইড মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম (জিএমএলআরএস)।

এর আগে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের জন্য ইউক্রেনের অনুরোধ নাকচ করে যুক্তরাষ্ট্র। এখন বলা হচ্ছে, মার্কিন অনুমতি ব্যতীত পোল্যান্ড ইউক্রেনের হাতে কোনোভাবেই এ অস্ত্র তুলে দিতে পারবে না।

২০২২ সালে ১১৬ এমওয়ানএওয়ান আব্রামস ট্যাংক ও ২৫০ এমওয়ানএটু ট্যাংক কিনেছিল পোল্যান্ড। সে চুক্তির ক্লিয়ারেন্সের পরপরই নতুন প্রস্তাব অনুমোদনের ঘোষণা এল। গত মে মাসে পোল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে ৫০০ এইচআইএমএআরএস লঞ্চার কেনার প্রস্তাব দেয়। অক্টোবরে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ২৮৮ চুনমু রকেট কেনার চুক্তি করে।

বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার এই সময়ে সামরিক খাতে পোল্যান্ডের এই বিনিয়োগে আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্ব পাচ্ছে।

আরও