ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার আরপোরা গ্রামের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন। শনিবার রাত প্রায় ১টার দিকে ডান্সফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয়। সেসময় ক্লাবটিতে প্রায় ১০০ জন অতিথি ছিলেন। খবর এনডিটিভি।
প্রতক্ষ্যদর্শীদের বরাতে এনডিটিভি জানিয়েছে, হঠাৎ আগুন লাগার পর অনেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও কয়েকজন নিচতলার রান্নাঘরের দিকে দৌড়ে যান। সেখানে ক্লাবের কর্মীদের সঙ্গে আটকা পড়ে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তারা। আগুন নেভানোর পর দমকল কর্মীরা ২৫টি মৃতদেহ উদ্ধার করেন। কয়েকটি দেহ এখনো শনাক্ত করা যায়নি।
ক্লাবটির ইনস্টাগ্রাম পেজ অনুযায়ী, ওই রাতে ‘বলিউড ব্যাঙ্গার নাইট’ আয়োজন চলছিল। হায়দরাবাদ থেকে আসা পর্যটক ফাতিমা শেখ বলেন, হঠাৎ হৈচৈ শুরু হলো। বাইরে বের হয়েই দেখি পুরো কাঠামো আগুনে পুড়ছে। তার মতে, ক্লাবের চারপাশে থাকা নারকেল ও তালপাতার তৈরি অস্থায়ী কাঠামোর কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনী জানিয়েছে, নাইটক্লাবটি সরু রাস্তার ভেতরে হওয়ায় তারা সরাসরি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। প্রায় ৪০০ মিটার দূরে গাড়ি রেখে দমকল কর্মীদের হেঁটে যেতে হয়েছে। এতে আগুন নেভাতে দেরি হওয়ায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অনেকের মৃত্যু ঘটে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাটিকে ‘খুবই বেদনাদায়ক দিন’ বলে উল্লেখ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।