ফিনল্যান্ডে জাতীয় নির্বাচনে হেরে গেলেন সোশ্যাল ডেমোক্র্যাট দলের প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী সান্না মারিন। স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত সবশেষ পাওয়া ফলাফলে সান্নার দল তৃতীয় স্থানে আছে। এতে মাত্র ৩৪ বছরে প্রধানমন্ত্রী হয়ে তাক লাগানো প্রধানমন্ত্রী সান্না মারিনের দ্বিতীয়বার গদিতে ফেরা হলো না। খবর দ্য গার্ডিয়ান।
গণমাধ্যমটি বলছে, কিছু দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে ফিনল্যান্ড। আর তার ঠিক আগে নির্বাচনে হেরে গেলেন ক্ষমতাসীন দলের প্রার্থী সান্না মারিন। তবে বিজয়ী দলের সঙ্গে তাদের ভোটের পার্থক্য খুব বেশি নয়। সবচেয়ে বেশি ভোট পেয়েছে সেন্টার রাইট ন্যাশনাল কোয়ালিশন। দ্বিতীয় স্থানে দক্ষিণপন্থি ফিনস পার্টি।
ন্যাশনাল কোয়ালিশন পেয়েছে ২০ দশমিক ৮ শতাংশ ভোট। সোশ্যাল ডেমোক্র্যাটরা পেয়েছে ১৯দশমিক ৯ শতাংশ ভোট। আর দ্বিতীয় স্থানে থাকা ফিনস পার্টি পেয়েছে ২০ দশমিক ১ শতাংশ ভোট। ভোটে কোনো দলই সেই অর্থে সরকার গঠনের জায়গায় পৌঁছাতে পারেনি। ডয়চে ভেলে বলছে, খাতায় কলমে সোশ্যাল ডেমোক্র্যাটদের সঙ্গে জোট করে সরকার গঠন করতে পারে ন্যাশনাল কোয়ালিশন। কিন্তু ভোটের আগে একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ হয়েছিল। সেই বিষয়গুলিকে সামনে রেখেই ভোট হয়েছে।
ফলে ভোটের পর এ দুই দলের পক্ষে জোট তৈরি করে সরকার গঠন করা মুশকিল। তবে অপেক্ষাকৃত কম ভোট পাওয়া আরো বেশ কয়েকটি ছোট ছোট দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে পারে ন্যাশনাল কোয়ালিশন। যদিও তাদের পক্ষ থেকে এখনো তেমন কোনো ইঙ্গিত দেয়া হয়নি। এদিকে, শাসক দলের প্রধানমন্ত্রী অবশ্য হার স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্রের জয় হয়েছে। তিনি হার মেনে নিচ্ছেন।