‘মাদকসম্রাট’ এল মেনচোর মৃত্যু

মেক্সিকোয় রণক্ষেত্র ২০ রাজ্য, নিয়ন্ত্রণে ৯ হাজার সেনা মোতায়েন

এই সহিংসতায় এখন পর্যন্ত মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য প্রাণ হারিয়েছেন।

এল মেনচোর মৃত্যুর প্রতিশোধ নিতে তার সশস্ত্র বাহিনী মেক্সিকোর বিভিন্ন শহরে তাণ্ডব শুরু করেছে। কার্টেল সদস্যরা রাস্তায় বাস ও অন্যান্য যানবাহন ছিনতাই করে সেগুলোতে আগুন ধরিয়ে বেরিকেড সৃষ্টি করেছে। অনেক জায়গায় রাস্তায় পেরেক ও কাঁটা ছড়িয়ে দিয়ে চলাচলে বিঘ্ন ঘটানো হয়েছে।

নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতারের পর মারা গেছেন বিশ্বজুড়ে ‘এল মেনচো’ নামে পরিচিত মেক্সিকোর অন্যতম ক্ষমতাধর এবং মোস্ট ওয়ান্টেড ‘মাদকসম্রাট’ নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মেক্সিকোর অন্তত ২০টি রাজ্যে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কার্টেল সদস্যদের তাণ্ডব থামাতে দেশজুড়ে প্রায় সাড়ে ৯ হাজার সেনা মোতায়েন করেছে মেক্সিকো সরকার। খবর রয়টার্স।

মেক্সিকোর প্রতিরক্ষা সচিব রিকার্ডো ট্রেভিলা জানিয়েছেন, সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে অতিরিক্ত ২ হাজার ৫০০ সৈন্য পাঠানো হয়েছে। গত রোববার থেকে চলা এই অভিযানে এখন পর্যন্ত মোট সাড়ে ৯ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেএনজি)-এর প্রধান এল মেনচোকে ধরতে গত রোববার জালিস্কো রাজ্যে এক বিশেষ অভিযান চালায় দেশটির কমান্ডো বাহিনী। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে এল মেনচো গুরুতর আহত হন এবং রাজধানী মেক্সিকো সিটিতে স্থানান্তরের সময় তার মৃত্যু হয়।

এল মেনচোর মৃত্যুর প্রতিশোধ নিতে তার সশস্ত্র বাহিনী মেক্সিকোর বিভিন্ন শহরে তাণ্ডব শুরু করেছে। কার্টেল সদস্যরা রাস্তায় বাস ও অন্যান্য যানবাহন ছিনতাই করে সেগুলোতে আগুন ধরিয়ে বেরিকেড সৃষ্টি করেছে। অনেক জায়গায় রাস্তায় পেরেক ও কাঁটা ছড়িয়ে দিয়ে চলাচলে বিঘ্ন ঘটানো হয়েছে। এই সহিংসতায় এখন পর্যন্ত মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া কার্টেলের ৩০ জন সদস্য এবং একজন কারারক্ষী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং সংবাদ সংস্থাগুলোর দ্বারা যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, পর্যটন নগরী পুয়ের্তো ভালার্তায় হোটেলের ওপর দিয়ে সামরিক হেলিকপ্টার টহল দিচ্ছে এবং নিচ থেকে ধোঁয়া উড়ছে। অনেক জায়গায় সাধারণ মানুষকে ঘরের ভেতর আশ্রয় নিতে বলা হয়েছে এবং রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। জালিস্কো রাজ্যের রাজধানী গুয়াদালাজারার কাছে ন্যাশনাল গার্ডের গাড়িতে কার্টেল সদস্যদের হামলার ভয়াবহ চিত্র সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম এই সফল অভিযানের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেছেন। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেছেন যে, পরিস্থিতি বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সারা দেশে শান্তি বজায় রাখাই তার সরকারের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, এল মেনচোকে ধরার জন্য যুক্তরাষ্ট্র ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। এই অভিযানে কোনো মার্কিন সৈন্য সরাসরি অংশ না নিলেও মেক্সিকো সরকার স্বীকার করেছে যে, যুক্তরাষ্ট্রের দেয়া তথ্য এই মোস্ট ওয়ান্টেড অপরাধীকে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আরও