ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামরাকে 'বেআইনি ও সন্ত্রাসী কর্মকাণ্ড' আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) । একই সঙ্গে হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে।
রোববার এক বিবৃতিতে এইওআই জানায়, স্থানীয় সময় ভোর পৌনে ৪টার দিকে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র বা দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা চালায়। বিবৃতিতে মার্কিন প্রশাসনকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনহীনতার প্রতীক' হিসেবে উল্লেখ করা হয়।
এর কয়েক মাস আগে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১–এর কাছাকাছি সংঘটিত মার্কিন-ইসরায়েলি হামলার ঘটনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিলেন এইওআই প্রধান মোহাম্মদ এসলামি।
এসলামি বলেন, সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় ধারাবাহিক হামলা চুল্লির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করতে পারে। এর পরিণতি পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে বলেন তিনি।
তিনি এ ধরনের হামলাকে পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তি, সংস্থার নিজস্ব বিধিমালা এবং অন্যান্য আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার লঙ্ঘন হিসেবে স্পষ্টভাবে নিন্দা জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
খবর তাসনিম নিউজ।