ক্রিমিয়ায় রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২৯

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে ‘প্রযুক্তিগত ত্রুটি’ ধরা হয়েছে। একটি সামরিক কমিশন দুর্ঘটনার স্থলে কাজ করছে

ক্রিমিয়ার পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার একটি অ্যান-২৬ সামরিক পরিবহন উড়োজাহাজ। এতে ২৯ জন আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ হিসেবে সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটিকে উল্লেখ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্স।

মন্ত্রণালয় বলছে, গতকাল স্থানীয় সময় বিকাল ৬টায় ক্রিমিয়ার আকাশে নির্ধারিত ফ্লাইট চলাকালে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

ক্রিমিয়া উপদ্বীপটি ২০১৪ সালে ইউক্রেন থেকে দখল করে নেয় রাশিয়া। অঞ্চলটি সমুদ্রতীরবর্তী পাহাড়ি এলাকা নিয়ে গঠিত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকাজে যুক্ত দল দুর্ঘটনার স্থান খুঁজে পেয়েছে। স্থানীয় প্রতিবেদনের অনুযায়ী, উড়োজাহাজের ছয় ক্রু ও ২৩ যাত্রী নিহত হয়েছেন।

ফ্লাইটে কতজন আরোহী ছিলেন তা উল্লেখ করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হালকা ট্যাকটিক্যাল সামরিক পরিবহন হিসেবে পরিচিত অ্যান-২৬ স্বল্প ও মাঝারি দূরত্বে কার্গো এবং সর্বোচ্চ ৪০ যাত্রী বহন করতে পারে।

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে ‘প্রযুক্তিগত ত্রুটি’ ধরা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, একটি সামরিক কমিশন দুর্ঘটনার স্থলে কাজ করছে।

১৯৬০-এর শেষের দিকে চালু হয় অ্যান-২৬। কিছু সময় কার্গো পরিবহনের জন্য বাণিজ্যিক উড়োজাহাজ হিসেবেও ব্যবহৃত হয়েছিল মডেলটি। তবে গত এক দশকে কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছে অ্যান-২৬।

আরও