হিমালয়ের কোল ঘেঁষে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখন্ডে হিমবাহ ধসের ঘটনায় অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এছাড়াও এখনো ১৭০ জন নিখোঁজ রয়েছেন। খবর এনডিটিভি।
গতকাল রবিবার সকালে উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশিমঠে হিমবাহ ধসের ঘটনায় বাঁধ ভেঙে গেলে অলকানন্দা ও ধউলি গঙ্গা নদীর উপত্যকা প্রবল পানির তোড়ে ভেসে যায়। এ সময় ঘটনাস্থলের নিকটবর্তী তপোবন বিষ্ণুগড় ও ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দেড় শতাধিক কর্মী নিখোঁজ হন বলে জানায় রাজ্য সরকার।
এতে একটি জলবিদ্যুৎ কেন্দ্র ও পাঁচটি সেতু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হিমবাহ ধসের ফলে উৎপন্ন হওয়া বন্যায় স্থানীয় সড়গুলোও প্লাবিত হয়েছে। ভাটির বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছে। রাজ্য ও জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থাগুলো উদ্ধারে মাঠে নেমেছে। তাদের সঙ্গে উদ্ধার কাজ করছে ভারতীয় সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রটির দুটি টানেলে কাজ করছিল শ্রমিকরা। এর একটি থেকে শ্রমিকদের উদ্ধার করা গেলেও অন্য একটি সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে কোন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। প্রায় আড়াই কিলোমিটার টানেলটিতে কাদা ও অন্যান্য আবর্জনা আটকে যাওয়ায় উদ্ধারকারীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তারওপর সেই টানেলের ভেতরের তাপমাত্রাও শূন্যের কাছাকাছি। তারপরও আধুনিক যন্ত্রপাতি দিয়ে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিওয়ারি।