যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার বাণিজ্যযুদ্ধ আরো তীব্র হচ্ছে। এর অংশ হিসেবে এবার ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা যেকোনো ধরনের মদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদন বলছে, ট্রাম্পের সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছিল ইইউ। এর জবাবে আবার নতুন করে শুল্ক আরোপের ঘোষণা এল ট্রাম্পের পক্ষ থেকে।
যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির ওপর ইইউর শুল্ক আরোপকে 'জঘন্য' উল্লেখ করে তা দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ট্রাম্প। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি বলেন, যদি এই শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা না হয়, তাহলে যুক্তরাষ্ট্র শিগগিরই ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশের ওয়াইন, শ্যাম্পেইন ও অন্যান্য পানীয়র ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে। এটি যুক্তরাষ্ট্রের ওয়াইন ও শ্যাম্পেন ব্যবসার জন্য ভালো হবে।
ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র বলেছেন যে পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউর মধ্যে আলোচনার প্রস্তুতি চলছে। ট্রাম্পের সর্বশেষ হুমকির পর ইউরোপীয় কমিশনের বাণিজ্য কমিশনার মারোস শেফকোভিচ 'তার আমেরিকান প্রতিপক্ষের সাথে যোগাযোগ করেছেন' বলেও জানিয়েছেন তিনি।