আফ্রিকার দেশ নাইজেরিয়ায় গতকাল প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটির ১ লাখ ৭৬ হাজার ৬০০ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দেশটির ৮ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির উত্তরাধিকারী নির্বাচনে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের ভোটে। প্রেসিডেন্ট বুহারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ছিলেন। নাইজেরিয়ার সংবিধান অনুযায়ী, তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। এজন্য নির্বাচনটি নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট বাছাইয়ের নির্বাচন। খবর বিবিসি।
বুহারির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেস দলের লাগোসের সাবেক গভর্নর ৭০ বছর বয়সী বোলা টিনুবু। এছাড়া প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির সাবেক ভাইস প্রেসিডেন্ট ৭৬ বছর বয়সী আতিকু আবুবাকার এবং অ্যানামব্রা রাজ্যের সাবেক গভর্নর ৬১ বছর বয়সী পিটার ওবি।
নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটের পাঁচদিনের মধ্যে ৩৬টি রাজ্য এবং ফেডারেল রাজধানী আবুজা থেকে চূড়ান্ত গণনা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, বুহারি একজন অবসরপ্রাপ্ত সেনা জেনারেল, সংবিধান অনুমোদিত সর্বোচ্চ আট বছর দায়িত্ব্ব পালন করার পরে পদত্যাগ করছেন। আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়াজুড়ে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি।