সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন সেপ্টেম্বরে, জানাল নির্বাচন কমিটি

সিরিয়ায় ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা মোট ২১০ আসনের মধ্যে এক-তৃতীয়াংশে (৭০টি আসন) নিজে মনোনয়ন দেবেন, বাকি আসনগুলোতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিরিয়ায় আগামী সেপ্টেম্বরে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির সংসদীয় নির্বাচন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পতন ও অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটিই হবে দেশটির প্রথম নির্বাচন। খবর আল জাজিরা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে দেয়া এক বিবৃতিতে পিপলস অ্যাসেম্বলি নির্বাচনের উচ্চতর কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল-আহমদ জানান, ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা মোট ২১০ আসনের মধ্যে এক-তৃতীয়াংশে (৭০টি আসন) নিজে মনোনয়ন দেবেন, বাকি আসনগুলোতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল-দাঘিম সম্প্রতি ইরেম নিউজকে এক সাক্ষাৎকারে বলেন, সিরিয়ার প্রতিটি প্রদেশেই নির্বাচনী কলেজ গঠন করা হবে, যারা নির্বাচিত আসনের জন্য ভোট দেবেন।

চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট আল-শারা স্বাক্ষরিত নতুন অন্তর্বর্তী সংবিধান অনুযায়ী, একটি পিপলস কমিটি গঠন করা হয়েছে। যা একটি স্থায়ী সংবিধান ও পূর্ণাঙ্গ নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী পার্লামেন্ট হিসেবে কাজ করবে। এই প্রক্রিয়া বাস্তবায়নে কয়েক বছর লেগে যেতে পারে।

এই নির্বাচনের ঘোষণা এসেছে এমন সময়ে, যখন দামেস্কে নতুন কর্তৃপক্ষকে ঘিরে মতবিরোধ ও বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। চলতি মাসের শুরুর দিকে দক্ষিণাঞ্চলীয় সুয়াইদা প্রদেশে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। দুই সপ্তাহ আগে শুরু হওয়া সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়। উত্তেজনার সূত্রপাত হয় বেদুইন সশস্ত্র গোত্র ও সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে পাল্টাপাল্টি অপহরণকে কেন্দ্র করে।

আরও