ভারতের গুজরাটের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহভাবে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইট। বৃহস্পতিবার (১২ জুন) বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। খবর এনডিটিভি।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, উড্ডয়নের ঠিক পরপরই পাইলট ‘মে ডে’ সংকেত পাঠান। এটি একটি আন্তর্জাতিক জরুরি বার্তা হিসেবে জীবনঘাতী বিপর্যয়কে নির্দেশ করে। তবে সেই সংকেতের পরে বিমানটি আর এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) কোনো জবাব পায়নি।
বিমানটি বোয়িং ৭৮৭ মডেলের ছিল এবং উড্ডয়ন করেছিল দুপুর ১টা ৩৯ মিনিটে। বিমানটিতে ছিলেন মোট ২৪২ জন— দুই পাইলট, ১০ জন কেবিন ক্রু এবং ২৩০ জন যাত্রী।
ডিজিসিএ আরো জানিয়েছে, উড্ডয়নের মাত্র ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর আগেই বিমানটি ভারসাম্য হারায়। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবহারওয়াল। তার ৮,২০০ ঘণ্টা উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা রয়েছে। তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। তার আছে ১,১০০ ঘণ্টা উড়ার অভিজ্ঞতা।
দুর্ঘটনার একটি ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিমানটি একটি আবাসিক এলাকার ওপর বিধ্বস্ত হচ্ছে। বিধ্বস্ত হওয়ার পর ঘন কালো ধোঁয়া আকাশে উঠে যাচ্ছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স ছুটে গেছে। ট্রাফিকও সরিয়ে নেয়া হয়েছে ওই এলাকা থেকে।
ভারতের বেসামরিক উড়োজাহাজ পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিন্জারাপু জানিয়েছেন, তিনি নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত ও সমন্বিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাত্রীদের তথ্য জানাতে হটলাইন চালু করা হয়েছে: ১৮০০ ৫৬৯১ ৪৪৪। তদন্তে কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করছে এয়ার ইন্ডিয়া।‘
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, তবে তদন্ত চলছে। এখনো নিহত বা আহতদের বিস্তারিত সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।