খামেনির উত্তরসূরি যেই হবে তাকেই লক্ষ্যবস্তু করা হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই নিহতের তালিকায় ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশু রয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

২৭ আপডেট
  • ৪ মার্চ, ২০২৬

    ‘কূটনীতি ও মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প’

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেছেন যে, তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনার মাঝপথে হামলা চালিয়ে তিনি ‘কূটনীতি এবং তাকে নির্বাচিত করা মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।‘

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় আরাগচি ক্ষোভ প্রকাশ করে বলেন, যখন জটিল পারমাণবিক আলোচনাকে রিয়েল এস্টেট ব্যবসার মতো তুচ্ছ লেনদেন হিসেবে দেখা হয় এবং বড় ধরনের মিথ্যা দিয়ে বাস্তবতাকে আড়াল করা হয়, তখন অবাস্তব প্রত্যাশাগুলো কখনোই পূরণ হয় না।

    আরাগচি তার পোস্টে আরো উল্লেখ করেন যে, এই অবিবেচনাপ্রসূত পদক্ষেপের ফলাফল হয়েছে অত্যন্ত হতাশাজনক। শান্তির পরিবর্তে ট্রাম্প প্রশাসন কেবল বিদ্বেষবশত আলোচনার টেবিলকেই বোমা মেরে উড়িয়ে দিয়েছে।

  • ৪ মার্চ, ২০২৬

    তেহরানে বিস্ফোরণ: ইসরায়েলের আরেক দফা বিমান হামলা শুরু

    ইরানের রাজধানী তেহরানের পূর্ব অংশে এক বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিনিধি এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বুধবার বিকালে তেহরানের আকাশে আগুনের কুণ্ডলী এবং ধোঁয়া দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী বিকাল ৫টার ঠিক পরেই এ শক্তিশালী বিস্ফোরণের শব্দে গোটা শহর কেঁপে ওঠে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তাদের বিমান বাহিনী তেহরানের অভ্যন্তরে ইরানি শাসনের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে ‘ব্যাপক মাত্রায় হামলা’ শুরু করেছে। এই হামলার উদ্দেশ্য হলো ইরানের কৌশলগত সামরিক সক্ষমতাকে ধ্বংস করা। খামেনির শোকানুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এই নতুন দফা হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তেহরান থেকে পাওয়া প্রাথমিক সংবাদ অনুযায়ী, বিস্ফোরণের কেন্দ্রস্থল ছিল শহরের পূর্ব দিকের একটি সামরিক এলাকা।

  • ৪ মার্চ, ২০২৬

    খামেনির শোকানুষ্ঠানের আগে তার উত্তরসূরিকে হত্যার হুমকি ইসরায়েলের

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আজ তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকানুষ্ঠান শুরু হতে যাচ্ছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলা শুরু হওয়ার পর তিনি নিহত হন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরানের স্থানীয় সময় আজ রাত ১০টায় এ অনুষ্ঠান শুরু হবে এবং জানাজার আগে তিন দিনব্যাপী শোক পালিত হবে।

    নিউইয়র্ক টাইমস ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে যে, খামেনির ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। আজ বিকালের মধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে, যদি খামেনির উত্তরসূরি ‘ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়া’ এবং ‘ইরানি জনগণকে দমন করার’ নীতি অব্যাহত রাখেন, তবে তিনি ইসরায়েলের সরাসরি নির্মূলের লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবেন।

  • ৪ মার্চ, ২০২৬

    শ্রীলঙ্কার উপকূলে ডুবছে ইরানি নৌবাহিনীর জাহাজ

    শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বীপরাষ্ট্রটির কাছাকাছি এলাকায় ইরানি নৌবাহিনীর জাহাজ 'আইআরআইএস ডেনা' ডুবতে শুরু করায় তারা একটি জরুরি সংকেত বা ডিস্ট্রেস কল পাঠিয়েছে। এই সংকেত পাওয়ার পরপরই শ্রীলঙ্কান নৌবাহিনী ও বিমানবাহিনী ইরানি নাবিকদের উদ্ধারে অভিযানে নেমেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ পার্লামেন্টে জানিয়েছেন যে, আজ ভোরের দিকে জাহাজটি থেকে এই জরুরি বার্তা পাওয়া গেছে।

    প্রতিবেদন অনুযায়ী, জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী হেরাথ আরো জানান, জাহাজটিতে থাকা ৩০ জন আহত নাবিককে উদ্ধার করে শ্রীলঙ্কার গল বন্দরের একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

    তবে জাহাজটি ঠিক কী কারণে ডুবছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। শ্রীলঙ্কার একজন বিরোধী দলীয় সংসদ সদস্য এই জাহাজটি ইরান বিরোধী মার্কিন-ইসরায়েলি হামলার শিকার হয়ে বিধ্বস্ত হয়েছে কি না সে বিষয়ে প্রশ্ন তুললেও, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব দেয়া হয়নি।

  • ৪ মার্চ, ২০২৬

    মধ্যপ্রাচ্যে সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

    কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশটিকে লক্ষ্য করে দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা সম্ভব হলেও অন্যটি সরাসরি আল-উদাইদ মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। উল্লেখ্য, এই ঘাঁটিটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক স্থাপনা হিসেবে পরিচিত।

    কাতার সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

  • ৪ মার্চ, ২০২৬

    খামেনির উত্তরসূরি যেই হবে তাকেই লক্ষ্যবস্তু করা হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

    ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যিনি ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হবেন তাকেই লক্ষ্যবস্তু করা হবে।

    তিনি বলেন, ‘ইরানের এই সন্ত্রাসী সরকার যাকেই পরবর্তী নেতা হিসেবে বেছে নিক না কেন, যদি তাদের লক্ষ্য হয় ইসরায়েল ধ্বংস করা, যুক্তরাষ্ট্র বা মুক্ত বিশ্বকে হুমকি দেয়া কিংবা ইরানের জনগণকে দমন করা, তবে সেই ব্যক্তি যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে লক্ষ্যবস্তু করে নির্মূল করা হবে।‘

    শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনেই নিজের বাসভবনে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    নেতৃত্ব নির্বাচনে ভোটের খবর শোনা গেলেও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে খামেনির উত্তরসুরির নাম ঘোষণা করেনি।

  • ৪ মার্চ, ২০২৬

    স্পেনের অবস্থান 'যুদ্ধের বিরুদ্ধে', ঘোষণা প্রধানমন্ত্রী সানচেজের

    স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তার দেশের অবস্থান স্পষ্ট—‘যুদ্ধ না’। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার কড়া সমালোচক হিসেবে তার সরকার মনে করে, স্পেনের জনগণও এই ‘বিপর্যয়ের’ বিরুদ্ধে।

    সানচেজের মতে, ২০০৩ সালে ইরাক আক্রমণ বিশ্বকে আরো বেশি অনিরাপদ করে তুলেছিল। তিনি সতর্ক করে দেন যে, ইরানের ওপর যুদ্ধ কোনোভাবেই একটি ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা, স্বাস্থ্যকর পরিবেশ বা সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন বয়ে আনবে না।

    সানচেজ বর্তমান সংকটকে ‘মানবতার বড় বিপর্যয়গুলোর শুরু’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বিশ্বনেতাদের উদ্দেশে বলেন যে, সরকারগুলোর উচিত নয় লাখ লাখ মানুষের ভাগ্য নিয়ে ‘রাশিয়ান রুলেট’ খেলা।

    স্পেনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরানের ওপর হামলার অভিযানে ব্যবহার করতে না দেয়ায় ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্প হুমকি দিয়েছেন যে, এই অসহযোগিতার কারণে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেয়া হতে পারে।

  • ৪ মার্চ, ২০২৬

    ইরান থেকে ৪৭০ জনেরও বেশি চীনা নাগরিককে সরিয়ে নিল বেইজিং

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরান থেকে ৪৭০ জনেরও বেশি চীনা নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। বেইজিং এই উদ্ধার অভিযান পরিচালনা করছে। চলমান সংঘাতের ফলে অঞ্চলটিতে অবস্থানরত তাদের নাগরিকদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে।

    মুখপাত্র মাও নিং বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এবং এর আশপাশের জলসীমায় ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা’ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

  • ৪ মার্চ, ২০২৬

    মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা সপ্তদশ ধাপের বিমান হামলার অংশ হিসেবে ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ছুড়েছে।

  • ৪ মার্চ, ২০২৬

    হরমুজ প্রণালীর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেয়ার দাবি আইআরজিসির

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ ‘হরমুজ প্রণালী’ এখন তাদের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আইআরজিসির নৌ কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বর্তমানে হরমুজ প্রণালী ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে কোনো বিদেশী শক্তির হস্তক্ষেপ সহ্য করা হবে না।‘

    আইআরজিসির পক্ষ থেকে হুশিয়ারি দেয়া হয়েছে যে, এই জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে থাকবে। ইতোমধ্যে রেডিও বার্তার মাধ্যমে আন্তর্জাতিক জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে যে, হরমুজ প্রণালীতে কোনো জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না।

    এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে নেয়ার জন্য মার্কিন নৌবাহিনী মোতায়েন করতে প্রস্তুত। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেয়া এক পোস্টে ঘোষণা করেছেন যে, বিশ্বের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে মার্কিন নৌবাহিনী অবিলম্বে ট্যাংকারগুলোকে এসকর্ট বা পাহারা দেয়ার কাজ শুরু করবে।

  • ৪ মার্চ, ২০২৬

    দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব

    সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    এর বাইরে দেশটির সরকারি সংস্থা সৌদি প্রেস এজেন্সি আরো নয়টি ড্রোন ভূপাতিত করা কথা জানিয়েছে।

    তবে এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে তা জানায়নি সৌদি কর্মকর্তারা।

  • ৪ মার্চ, ২০২৬

    ইরান যুদ্ধে নিহত প্রথম চার মার্কিন সেনার পরিচয় প্রকাশ

    ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে প্রাণ হারানো প্রথম ছয়জন মার্কিন সেনার মধ্যে চারজনের পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, এই সংঘাত আরো তীব্রতর হচ্ছে এবং এতে আরো মার্কিন সেনার হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

    নিহত চারজনই মার্কিন সেনাবাহিনীর আইওয়া ইউনিটের রিজার্ভ ফোর্সের সদস্য ছিলেন। পেন্টাগন জানিয়েছে, গত রোববার কুয়েতের শুয়াইবা বন্দরে একটি অস্থায়ী মার্কিন সামরিক কার্যালয়ে ড্রোন আঘাত হানলে তারা নিহত হন। ১০৩তম সাসটেইনমেন্ট কমান্ডের অধীনে কর্মরত এই সেনারা সেনাবাহিনীর বৈশ্বিক লজিস্টিক ও সরবরাহ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

    নিহত চার সেনার পরিচয় নিশ্চিত করে পেন্টাগন জানিয়েছে যে, তারা হলেন—ফ্লোরিডার উইন্টার হেভেনের বাসিন্দা ক্যাপ্টেন কোডি এ. খোর্ক (৩৫), নেব্রাস্কার বেলভিউ এলাকার সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াহ এল. তিতজেনস (৪২), মিনেসোটার হোয়াইট বিয়ার লেকের বাসিন্দা সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল এম. আমোর (৩৯) এবং আইওয়ার ওয়েস্ট ডেস মইনেস এলাকার সার্জেন্ট ডেক্লান জে. কোডি (২০)।

  • ৪ মার্চ, ২০২৬

    সৌদি আরবে সিআইএ স্টেশনে ড্রোন হামলা

    সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের অভ্যন্তরে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএর একটি স্টেশন গত সোমবার ড্রোন হামলার শিকার হয়েছে। এই হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়ে ইরানকে সন্দেহ করা হচ্ছে বলে মঙ্গলবার রয়টার্সকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। তবে সূত্রটি জানিয়েছে যে, নির্দিষ্টভাবে সিআইএ স্টেশনটিই এই হামলার মূল লক্ষ্য ছিল কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।

    সিআইএ কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। উল্লেখ্য যে, গত শনিবার থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু হওয়া হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্থাপনাগুলোতে যে একের পর এক আক্রমণ চলছে, এটি তারই অংশ। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দু’টি ড্রোন সরাসরি দূতাবাসে আঘাত হেনেছে, যার ফলে সেখানে সীমিত পর্যায়ে অগ্নিকাণ্ড ও কিছু পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

    এই হামলার পর রিয়াদে অবস্থিত মার্কিন মিশন এক নিরাপত্তা সতর্কবার্তা জারি করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের দূতাবাস এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার মার্কিন নাগরিকদের জন্য রুটিন এবং জরুরি সব ধরনের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

  • ৪ মার্চ, ২০২৬

    বাগদাদ বিমানবন্দরে মার্কিন স্থাপনায় ড্রোন হামলা

    আল জাজিরা অ্যারাবিক-এর প্রতিবেদন অনুযায়ী, ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি লজিস্টিক্যাল সাপোর্ট বা রসদ সরবরাহ ক্যাম্পে ড্রোন হামলা চালানো হয়েছে।

    স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সোমবার ভোরে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো এই হামলা চালায়। ইরাকের শিয়াপন্থী মিলিশিয়া গোষ্ঠী 'সারায়া আউলিয়া আল-দাম' এই আক্রমণের দায় স্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে এবং ইরানের প্রতি সমর্থন জানাতেই তারা এই হামলাটি পরিচালনা করেছে। ইরাকের ওই অঞ্চলে অবস্থিত 'ভিক্টোরিয়া' নামক সামরিক ঘাঁটিও এই ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানা গেছে।

    মার্কিন ও ইরাকি কর্তৃপক্ষ এই হামলার ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

  • ৪ মার্চ, ২০২৬

    লেবাননের বালবেকে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত ও আহত ৬

    লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকের একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, আজ ভোরে শহরের আল-মাত্রাবা এলাকায় একটি ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার পর বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে বর্তমানে জোর উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এই সংঘাতের রেশ ধরে লেবাননের আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলি আক্রমণের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে।

  • ৪ মার্চ, ২০২৬

    মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের ওপর ভোট আজ

    কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের ওপর সামরিক হামলা চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প নিয়েছেন, তা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে মার্কিন সিনেটে একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের ওপর ভোটাভুটির আয়োজন করা হয়েছে। এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো ইরানের বিরুদ্ধে ট্রাম্পের পরবর্তী যেকোনো সামরিক পদক্ষেপ গ্রহণের ক্ষমতাকে সীমিত বা বাধাগ্রস্ত করা।

    নির্ধারিত সময়সূচি অনুযায়ী, স্থানীয় সময় আজ বেলা ১১টায় (জিএমটি ১৬:০০) বিলটির ওপর বিতর্ক শুরু হবে এবং বিকাল ৪টায় (জিএমটি ২১:০০) চূড়ান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • ৪ মার্চ, ২০২৬

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ৮

    লেবাননের মাউন্ট লেবানন অঞ্চলের আরামউন এবং সাদিয়াত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আল মায়াদিন টেলিভিশন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে যে, এই হামলায় আহত আটজন। এর আগে লেবানন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছিল যে, ইসরায়েলি 'আগ্রাসনে' নিহতের মোট সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা পৌঁছেছে ৩৩৫ জনে।

  • ৪ মার্চ, ২০২৬

    দক্ষিণ লেবাননের ১৬টি গ্রাম ও শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

    ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ১৬টি গ্রাম ও শহরের বাসিন্দাদের জন্য নতুন করে জোরপূর্বক এলাকা ত্যাগের নির্দেশ জারি করেছে। এই নির্দেশের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে মাজদাল সেলেম, হুলা এবং চাকরা উল্লেখযোগ্য।

  • ৪ মার্চ, ২০২৬

    ৯টি ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

    সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের আকাশসীমায় প্রবেশ করা ৯টি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। বুধবার ভোরে এই ড্রোনগুলো শনাক্ত হওয়ার পরপরই সেগুলোকে আকাশেই ধ্বংস করে দেয়া হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

  • ৪ মার্চ, ২০২৬

    কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত, ধ্বংসাবশেষের আঘাতে হতাহত ও ক্ষয়ক্ষতি

    কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ ভোরে দেশটির আকাশসীমায় প্রবেশ করা বেশ কিছু ‘শত্রুভাবাপন্ন আকাশযান’ তাদের বাহিনী সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাঝ আকাশে এসব লক্ষ্যবস্তু ধ্বংস করার ফলে সেগুলোর ধ্বংসাবশেষ ও শার্পনেল (ধাতব টুকরো) পার্শ্ববর্তী আবাসিক এলাকাগুলোর ওপর এসে পড়ে। এর ফলে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।

    উল্লেখ্য, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সকালে এক প্রতিবেদনে জানিয়েছিল, আকাশ থেকে পড়া শার্পনেলের আঘাতে গুরুতর আহত হয়ে এক কিশোরী প্রাণ হারিয়েছে।

  • ৪ মার্চ, ২০২৬

    অস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা ঠিকাদারদের সঙ্গে বৈঠকে বসছে পেন্টাগন

    পেন্টাগন ইরানে হামলার পর তাদের অস্ত্রের মজুদ পুনরায় পূর্ণ করার লক্ষ্যে আগামী শুক্রবার হোয়াইট হাউসে শীর্ষ মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারদের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করছে।

    বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন লকহিড মার্টিন এবং রেথিয়নের মতো বড় কোম্পানিগুলোকে এই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে। পরিকল্পনার সঙ্গে পরিচিত পাঁচজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানিয়েছে যে, এই সভার মূল লক্ষ্য হলো অস্ত্র নির্মাতাদের ওপর উৎপাদন দ্রুত বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করা। রয়টার্স আরো উল্লেখ করেছে যে, ইরান, ইউক্রেন এবং গাজায় চলমান যুদ্ধের কারণে ফুরিয়ে আসা অস্ত্রের মজুদ নিয়ে ওয়াশিংটনে ক্রমবর্ধমান জরুরি অবস্থা তৈরি হয়েছে। তবে গত সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন সমরাস্ত্রের মজুদ 'কার্যত সীমাহীন' এবং এই সরবরাহ ব্যবহার করেই অত্যন্ত সফলভাবে 'চিরকাল' যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব।

  • ৪ মার্চ, ২০২৬

    আমিরাত উপকূলে জাহাজে হামলা, ইউকেএমটিওর সতর্কতা

    সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূল থেকে প্রায় ৭ নটিক্যাল মাইল (১৩ কিলোমিটার) পূর্বে একটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও।

    জাহাজের ক্যাপ্টেনের বরাত দিয়ে সংস্থাটি এক সতর্কবার্তায় জানিয়েছে, অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজের স্টিলের প্লেটিং বা বহিরাবরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, জাহাজে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি বা পানি প্রবেশ করেনি এবং ক্রু সদস্যদের সবাই নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য যে, ওমান উপকূলে অনুরূপ আরেকটি ঘটনার রেশ কাটতে না কাটতেই ফুজাইরাহর এই হামলার খবরটি সামনে এল।

  • ৪ মার্চ, ২০২৬

    তেহরানে নতুন করে বিস্ফোরণ ও ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধি

    ইরানের রাজধানী তেহরানে গত এক ঘণ্টার মধ্যে নতুন করে বেশ কিছু শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির তাসনিম নিউজ এজেন্সি। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানজুড়ে ‘বিস্তৃত হামলার একটি নতুন তরঙ্গ’ শুরু করার ঘোষণার পরপরই এই বিস্ফোরণগুলো ঘটল।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের এই দফার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো।

  • ৪ মার্চ, ২০২৬

    ইরানের পরিস্থিতি নিয়ে ডেমোক্র্যাটদের উদ্বেগ, দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের কর্মকর্তাদের ব্রিফিংয়ের পর ইরানের ওপর হামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সিনেট ও প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেটর রিচার্ড ব্লুমেনথাল গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে, এই ব্রিফিংয়ের পর তিনি আগের চেয়েও বেশি শঙ্কিত। তার মতে, ট্রাম্প প্রশাসন যেসব লক্ষ্য অর্জনের কথা বলছে, তা সফল করতে মার্কিন স্থলবাহিনী বা ‘বুটস অন দ্য গ্রাউন্ড’ মোতায়েনের প্রয়োজন হতে পারে। ব্লুমেনথাল আরো অভিযোগ করেন যে, প্রশাসনের ভবিষ্যৎ অগ্রাধিকার আসলে কী—ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, মিসাইল ব্যবস্থা নির্মূল করা, শাসনব্যবস্থার পরিবর্তন নাকি কেবল সন্ত্রাসবাদ দমন—সে বিষয়ে তিনি মোটেও স্পষ্ট নন।

    সিনেটর ক্রিস মারফি সতর্ক করেছেন যে, ট্রাম্প প্রশাসন আরো মার্কিন হতাহতের আশঙ্কা করছে এবং তারা একটি অনির্দিষ্টকালের সংঘাতের দিকে পা বাড়াচ্ছে যার কোনো শেষ দেখা যাচ্ছে না। এর ফলে যুক্তরাষ্ট্রের একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদের সদস্য জেসন ক্রো পররাষ্ট্রমন্ত্রী রুবিওর দেয়া যুক্তিগুলোর কঠোর সমালোচনা করেছেন। তার মতে, এটি স্পষ্টতই প্রেসিডেন্ট ট্রাম্পের একটি স্বঘোষিত বা ‘নিজের ইচ্ছায় জড়িয়ে পড়া যুদ্ধ’, কারণ ইরানের পক্ষ থেকে এমন কোনো ‘আসন্ন হুমকি’ ছিল না যা এ ধরনের হামলার সপক্ষে যুক্তি দাঁড় করাতে পারত।

  • ৪ মার্চ, ২০২৬

    ইরানের পাল্টা হামলা চালানোর সক্ষমতা কমছে: সেন্টকম প্রধান

    মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন তথ্য প্রদান করেছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান এ পর্যন্ত ৫০০-র বেশি ব্যালিস্টিক মিসাইল এবং ২ হাজারের বেশি ড্রোন ছুড়লেও বর্তমানে তাদের এই পাল্টা আক্রমণ করার ক্ষমতা সংকুচিত হয়ে আসছে।

    কুপারের মতে, ইরানের মিসাইল ও লঞ্চারগুলোর ওপর ক্রমাগত আক্রমণ চালানোর ফলে তাদের উৎক্ষেপণ সক্ষমতা এখন দীর্ঘমেয়াদী সংকটের মুখে পড়েছে। তিনি আরো উল্লেখ করেন যে, একদিকে যখন আমাদের এবং আমাদের অংশীদারদের ওপর আঘাত হানার ইরানি ক্ষমতা হ্রাস পাচ্ছে, অন্যদিকে মার্কিন সামরিক শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সামগ্রিক অপারেশনাল মূল্যায়ন অনুযায়ী, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত পরিকল্পনার চেয়েও এগিয়ে রয়েছে বলে তিনি দাবি করেন।

  • ৪ মার্চ, ২০২৬

    মার্কিন হামলার ‘তৃতীয় তরঙ্গ’ আসছে, হবে সবচেয়ে বড়: ট্রাম্প ও রুবিও

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও গত ২৪ ঘণ্টায় ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের ওপর আমেরিকার পক্ষ থেকে এরইমধ্যে বেশ কয়েকটি ধাপে হামলা চালানো হলেও আসন্ন ‘তৃতীয় তরঙ্গ’ হবে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক অভিযান। এই সম্ভাব্য হামলার প্রস্তুতি এখনো চলছে এবং এটি মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সোমবারের বক্তব্যের সঙ্গে সংগতিপূর্ণ, যেখানে তিনি জানিয়েছিলেন যে এই অঞ্চলে আরো সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে।

    এই তৎপরতা থেকে এটি স্পষ্ট হয় যে, যুক্তরাষ্ট্র তাদের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করার আগেই অভিযান শুরু করে দিয়েছিল এবং বর্তমানে তারা আরো ব্যাপক আকারে অপারেশন পরিচালনার লক্ষ্যে জাহাজ, যুদ্ধবিমান ও অতিরিক্ত সৈন্য মোতায়েন অব্যাহত রেখেছে।

  • ৪ মার্চ, ২০২৬

    ইরানে ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

    মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন যে, ইরানে গত শনিবার থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত দেশটিতে প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, এই অভিযানে ১৭টি ইরানি জাহাজ ও একটি সাবমেরিন ধ্বংস করা হয়েছে। বর্তমানে এই সামরিক অভিযানে ৫০ হাজারের বেশি সেনা, ২০০টি যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী এবং শক্তিশালী বোমারু বিমান অংশ নিচ্ছে এবং ভবিষ্যতে আরো সামরিক সক্ষমতা যুক্ত হওয়ার পথে রয়েছে।

    অ্যাডমিরাল কুপার এই মোতায়েনকে গত এক প্রজন্মের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমাবেশ হিসেবে অভিহিত করেছেন। তিনি আরো যোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে যে পরিমাণ হামলা চালিয়েছে, তা ২০০৩ সালে ইরাক আক্রমণের প্রাথমিক পর্যায়ের বিখ্যাত ‘শক অ্যান্ড অউ’ বোমাবর্ষণের তুলনায় প্রায় দ্বিগুণ। এই ভয়াবহ আক্রমণের ফলে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির শত শত ব্যালিস্টিক মিসাইল, লঞ্চার ও ড্রোন ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এক প্রতিবেদনে জানিয়েছে যে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই নিহতের তালিকায় ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশু রয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

এছাড়া সংঘাতের ফলে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ জনে— যার মধ্যে ১০০ জন শিশুও রয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে, যার লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি থেকে শুরু করে চিকিৎসা কেন্দ্র এবং জনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলো। বর্তমানে আরো শত শত মৃত্যুর খবর খতিয়ে দেখা হচ্ছে, যা নিহতের এই সংখ্যাকে আরো বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও