গাজার তুহফা এলাকায় তিনটি স্কুলে ইসরায়েলি হামলায় ১৮ শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। গতকাল বৃহস্পতিবার ইসরায়েল এসব হামলা চালায় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে শুধু দার আল-আরকাম স্কুলে হামলায় ১৮ শিশুসহ ২৯ নিহত ও শতাধিক আহত হন। স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ওই স্কুলটিতে কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছেন সরকারের গণ নিরাপত্তা বিভাগের মুখপাত্র।
সূত্র জানিয়েছে, হামলার শিকার ফাহাদ স্কুলে অন্তত চারজন নিহত হয়েছেন। এই স্কুলেও বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। একই এলাকায় হামলার শিকার তৃতীয় স্থাপনা ছিল শাবান আল-রায়েস স্কুল। তবে সেখানে হতাহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজার সিটিতে হামাসের একটি ‘কমান্ড সেন্টারে’ হামলা চালিয়েছে। তবে এই স্কুলগুলোর সঙ্গে ওই হামলার সম্পর্ক কী এ নিয়ে কিছু বলেনি তারা।
এর আগে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।