কারাকাসে গত সপ্তাহের নাটকীয় ঘটনার পর একটি প্রশ্ন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে— হোয়াইট হাউস কেন ভেনিজুয়েলার বিরোধী নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে সমর্থন না দিয়ে মাদুরোর ডেপুটি দেলসি রদ্রিগেজকে ক্ষমতা অর্পণ করল? সাবেক মার্কিন রাষ্ট্রদূত চার্লস শ্যাপিরোর মতে, এর উত্তর সহজ—যুক্তরাষ্ট্র এখানে গণতন্ত্রের চেয়ে স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিয়েছে।
২০২৪ সালের নির্বাচনে মাচাদোর জোট বিপুল ভোটে জয়ী হয়েছে বলে ধারণা করা হলেও, ট্রাম্প প্রশাসন তাকে ‘সম্মানিত নন’ বলে অভিহিত করেছে। বিপরীতে, মাদুরোর বিশ্বস্ত অনুসারী দেলসি রদ্রিগেজকে ‘ভদ্র’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন করতে গেলে ভেনিজুয়েলার সেনাবাহিনী ও কট্টরপন্থী চ্যাভিস্তা সমর্থকদের পক্ষ থেকে গৃহযুদ্ধের আশঙ্কা ছিল। তাই ঝুঁকি এড়াতে ‘স্বৈরাচারী কাঠামো ঠিক রেখে কেবল স্বৈরশাসককে’ সরানোর কৌশল নিয়েছে ওয়াশিংটন।
রদ্রিগেজকে বেছে নেয়ার পেছনে অর্থনৈতিক সংস্কারের সম্ভাবনাও বড় কাজ করেছে। তিনি বিদেশী বিনিয়োগ এবং মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য দরজা খুলে দিতে আগ্রহী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিন ধাপের পরিকল্পনার কথা বলেছেন, যার শুরুতেই রয়েছে মার্কিন তত্ত্বাবধানে ৩০-৫০ মিলিয়ন ব্যারেল তেল বাজারজাতকরণ।
ভেনিজুয়েলার সংবিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও, ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে, এখনই কোনো নির্বাচন হচ্ছে না। তার মতে, আগে দেশ ‘ঠিক’ করতে হবে। এই সিদ্ধান্তকে শ্যাপিরো স্প্যানিশ শব্দ 'দেদাজো' বা কারো ব্যক্তিগত মনোনয়নের মাধ্যমে ক্ষমতা অর্পণ বলে অভিহিত করেছেন।
ভেনেজুয়েলার সাবেক শাসক হুগো শাভেজ ২০১৩ সালে তার মৃত্যুর কিছুকাল আগে যখন নিকোলাস মাদুরোকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন, তখন তার সেই পদক্ষেপটিকে শাভেজের ‘দেদাজো’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। ‘দেদাজো’ একটি স্প্যানিশ শব্দ, যার আক্ষরিক অর্থ হলো ‘আঙুল দিয়ে নির্দেশ করা’। রাজনৈতিক প্রেক্ষাপটে এর অর্থ হলো—স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করে ব্যক্তিগতভাবে কাউকে ক্ষমতায় বসানো বা স্থলাভিষিক্ত করা।
এ অবস্থায় অনেক ভেনিজুয়েলান আশঙ্কা করছেন, শাসনব্যবস্থা পরিবর্তন না করার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র হয়তো লাভবান হবে, কিন্তু সাধারণ জনগণের ভাগ্য বদলাবে না। সাবেক রাষ্ট্রদূত শ্যাপিরোর ভাষায়, এটি ট্রাম্পের নিজস্ব ‘দেদাজো’—আঙুল তুলে উত্তরাধিকার নির্ধারণ।