রাশিয়ার সঙ্গে চুক্তির আগে ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির

সিবিএসের ৬০ মিনিটস প্রোগ্রামের জন্য দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, দয়া করে, যেকোনো ধরণের সিদ্ধান্ত নেয়া বা আলোচনার আগে, মানুষ, বেসামরিক লোক, যোদ্ধা, হাসপাতাল, গির্জা, ধ্বংসপ্রাপ্ত বা মৃত শিশুদের দেখতে আসুন।

ইউক্রেনের যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে যেকোনো চুক্তির আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসি।

সিবিএসের ৬০ মিনিটস প্রোগ্রামের জন্য দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, দয়া করে, যেকোনো ধরণের সিদ্ধান্ত নেয়া বা আলোচনার আগে, মানুষ, বেসামরিক লোক, যোদ্ধা, হাসপাতাল, গির্জা, ধ্বংসপ্রাপ্ত বা মৃত শিশুদের দেখতে আসুন।

বোরবার ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার আগে সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়েছিল। ওই হামলায় দুই শিশুসহ ৩৪ জন নিহত এবং ১১৭ জন আহত হন।

জেলেনস্কি আরো বলেন, এ সফরের পর আপনি বুঝতে পারবেন রুশ প্রেসিডেন্ট পুতিন আসলে কী করেছেন এবং কাদের সঙ্গে আপনি চুক্তি করছেন।

প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধের দ্রুত অবসান চান ট্রাম্প। যুক্তরাষ্ট্র একদিকে যেমন সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনা করছে, অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গেও যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা চলছে। আর ইউরোপীয় দেশগুলো যুদ্ধবিরতি বাস্তবায়নে সামরিক সহায়তা পাঠানোর কথাও বিবেচনা করছে।

জেলেনস্কি জানান, কিয়েভ আগে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একতরফা যুদ্ধবিরতিতে সম্মত হলেও মস্কো তা প্রত্যাখ্যান করেছে। তার মতে, পুতিনের ওপর আস্থা রাখা যায় না— আমি ট্রাম্পকে বহুবার এটা বলেছি। কাজেই যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার কারণ জানতে চাইলে এটাই বলব।

নিজ শহর ক্রিভি রিহ থেকে সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিনের প্রতি আমার ঘৃণা শতভাগ। কেউ একজন এসে যদি আমাদের নাগরিকদের, শিশুদের হত্যা করে— আপনি কীভাবে অন্য কিছু ভাববেন?

তবে জেলেনস্কি মনে করেন, এ ঘৃণাবোধ যুদ্ধ শেষ করার চেষ্টা থামিয়ে দিতে পারে না। তার মতে, ন্যায্য শান্তির মানে 'আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা হারানো নয়’, বরং যেকোনো মূল্যে ‘রাশিয়ার দখলে থাকা সব ভূখণ্ড পুনরুদ্ধার'।

আরও