গাজায় সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গাজার বিশাল এলাকা দখল করা হবে এবং ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলে যুক্ত করা হবে।

যুদ্ধবিধ্বস্ত গাজায় উল্লেখযোগ্য হারে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। আজ বুধবার (২ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে এ ঘোষণা দিয়ে বলেন, গাজার বিশাল এলাকা দখল করা হবে এবং ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলে যুক্ত করা হবে। খবর রয়টার্সের।

কাটজ জানান, যেসব এলাকায় যুদ্ধ চলছে, সেখান থেকে জনসাধারণকে সরিয়ে নেওয়া হবে। সেই সঙ্গে হামাসকে নির্মূল এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেওয়ার জন্য গাজার জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এটাই যুদ্ধ শেষ করার একমাত্র উপায়। তবে ইসরায়েল ঠিক কতটা অঞ্চল দখল করবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে সন্ত্রাসী ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস ও পরিষ্কারের জন্য এবং ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা অঞ্চলে যুক্ত করা বিশাল এলাকা দখলের জন্য সম্প্রসারণে সামরিক শক্তি বাড়াচ্ছে ইসরায়েল।

সিএনএন বলছে, মঙ্গলবার রাতে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মিডিয়ার মুখপাত্র গাজার দক্ষিণ রাফাহ এলাকার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে উত্তর দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

গত মাসে একজন ইসরায়েলি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দ্বিতীয় সূত্র সিএনএনকে জানিয়েছিল, ইসরায়েল গাজায় সম্ভাব্য বড় স্থল আক্রমণের পরিকল্পনা করছে যার মধ্যে ছিটমহলের বিশাল অংশ পরিষ্কার এবং দখলের জন্য কয়েক হাজার সেনাকে পাঠানো হবে।

আরও