রানওয়ে থেকে ছিটকে বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা আর আর্তনাদ উপেক্ষা করেই একদল মানুষ সেই টাকা কুড়াতে ভিড় জমায়।

সান্তা ক্রুজ থেকে ছেড়ে আসা বিমানটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছিল। এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় চাকা পিছলে সেটি পাশের একটি জনাকীর্ণ অ্যাভিনিউতে গিয়ে আছড়ে পড়ে। এতে বিমানে থাকা আরোহী ছাড়াও সড়কের বেশ কিছু যানবাহনের ওপর দিয়ে ধ্বংসলীলা চলে।

বলিভিয়ার এল আল্টো শহরে শুক্রবার সন্ধ্যায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। বলিভিয়ান বিমানবাহিনীর একটি হারকিউলিস বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে ব্যস্ত সড়কে আছড়ে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানে দেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোটের বিশাল এক চালান ছিল বলে জানা গেছে। খবর রয়টার্স।

দুর্ঘটনার পরপরই এক অভূতপূর্ব ও বিশৃঙ্খল দৃশ্যের অবতারণা হয়। বিমানের কার্গো থেকে ছিঁড়ে বেরিয়ে আসা নতুন নোটের বান্ডিলগুলো দুর্ঘটনাস্থলের চারপাশে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা আর আর্তনাদ উপেক্ষা করেই একদল মানুষ সেই টাকা কুড়াতে ভিড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ জলকামান এবং টিয়ার গ্যাস ব্যবহার করতে বাধ্য হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সান্তা ক্রুজ থেকে ছেড়ে আসা বিমানটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছিল। এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় চাকা পিছলে সেটি পাশের একটি জনাকীর্ণ অ্যাভিনিউতে গিয়ে আছড়ে পড়ে। এতে বিমানে থাকা আরোহী ছাড়াও সড়কের বেশ কিছু যানবাহনের ওপর দিয়ে ধ্বংসলীলা চলে। এ ঘটনায় অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন, যাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পরই এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। জাতীয় বিমান সংস্থা বলিভিয়ানা ডি অ্যাভিয়েশন নিশ্চিত করেছে যে, বিধ্বস্ত বিমানটি তাদের বহরের অংশ নয়, বরং এটি একটি সামরিক মিশন ছিল। বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তারা এই বিপুল পরিমাণ অর্থের ক্ষয়ক্ষতি এবং ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে দ্রুত সংবাদ সম্মেলন করবে।

আরও