কিউবার জলসীমায় ঢুকে টহলদার বাহিনীর ওপর গুলি চালালে পাল্টা অভিযানে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোট করে দেশটির জলসীমায় অনুপ্রবেশ ঘটে বলে জানিয়েছেন হাভানা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মাঝে গতকাল এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।
কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্পিডবোটে থাকা ব্যক্তিরা সরকারবিরোধী কিউবান নাগরিক। তাদের কয়েকজন আগেই ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত ছিল।
মন্ত্রণালয় আরো দাবি করছে, হামলাকারীরা যুক্তরাষ্ট্র থেকে এসেছিল। তাদের কাছে ছিল অ্যাসল্ট রাইফেল, হ্যান্ডগান, বিস্ফোরক, বুলেটপ্রুফ ভেস্ট ও টেলিস্কোপিক সাইট।
এ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট আরো একজন কিউবান সন্দেহভাজনকে দেশের ভেতর থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সরকার।
কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জবানবন্দি অনুযায়ী, তারা সন্ত্রাসী উদ্দেশ্যে অনুপ্রবেশ চালাতে চেয়েছিল।
আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিবিনিময়ে কিউবার টহলদার নৌযানের কমান্ডারও আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ‘এটি মার্কিন সরকারের কোনো অভিযান ছিল না। এতে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সদস্য জড়িত ছিলেন না।’
তিনি জানান, কিউবা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে ঘটনাটি সম্পর্কে অবহিত করেছে। তবে হাভানায় মার্কিন দূতাবাস স্বাধীনভাবে ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা করবে।
মার্কো রুবিও বলেন, ‘আমরা নিজেরা তথ্য সংগ্রহ করব। ঠিক কী ঘটেছে তা খুঁজে বের করব। এখানে নানা ধরনের ঘটনা ঘটতে পারে।’
‘উন্মুক্ত সমুদ্রে এ ধরনের গোলাগুলির ঘটনা খুবই অস্বাভাবিক’ বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনাটি এমন সময় ঘটল, যখন দ্বীপদেশটিতে প্রায় সব জ্বালানি তেল চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপ কিউবার কমিউনিস্ট-শাসিত সরকারের ওপর চাপ বাড়িয়েছে।
এর আগে ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে ক্ষমতা থেকে সরিয়ে দেয় মার্কিন বাহিনী। কিউবার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাদুরো। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফের কিউবা সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।
কিউবা জানিয়েছে, স্পিডবোট থেকে আটক ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুজন আমিজাইল সানচেজ গনসালেজ ও লেওর্দান এনরিক ক্রুজ গোমেজ আগে থেকেই কিউবায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার সন্দেহে ‘ওয়ান্টেড’ ছিলেন।
নিহতদের একজনের পরিচয় মিশেল অর্তেগা কাসানোভা হিসেবে নিশ্চিত করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।
কিউবার দাবি, স্পিডবোটটি ফ্লোরিডায় নিবন্ধিত ছিল। নৌযানটি হাভানা থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে কিউবার উত্তর উপকূলে অবস্থিত ফ্যালকনেস কের একটি নৌচ্যানেলের এক নটিক্যাল মাইলের মধ্যে চলে আসে। তখন কিউবার সীমান্তরক্ষী টহল ইউনিটের পাঁচ সদস্য এগিয়ে গেলে স্পিডবোটটি গুলি চালায় এবং কিউবান নৌযানের কমান্ডার আহত হন।
কিউবার বিবৃতিতে বলা হয়, বর্তমান চ্যালেঞ্জের মুখে আঞ্চলিক জলসীমা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে কিউবা। সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতা সুরক্ষার মৌলিক স্তম্ভ হলো জাতীয় প্রতিরক্ষা।