গত পাঁচ দিনে ইরানে ১ হাজার ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, পরমাণু হুমকি নিরসনে ইরানের অভ্যন্তরে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। খবর টাইমস অব ইসরায়েল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ হামলাগুলো প্রমাণ করে যে আমরা পরমাণু হুমকি নিরসনে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছি।
ডেফরিন দাবি করেন, ইসরায়েলি বিমান বাহিনী এখন ইরানে কার্যত অবাধে অভিযান চালাচ্ছে, যা অভূতপূর্ব।
সেনাবাহিনীর বিবৃতিতে ইরানের অভ্যন্তরে চালানো এক বিমান হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে।
গত শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। টার্গেট করে ইরানের পরমাণু বিশেষজ্ঞদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। হামলা পাল্টা হামলায় পঞ্চম দিনে গড়িয়েছে এ সংঘাত।