ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিস্ফোরণের
খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। রাজধানীর ময়দান স্কয়ারের কাছে একটি বড় বিস্ফোরণের
শব্দ পাওয়া গেছে। শহরের ত্রয়েশচিনা অঞ্চলেও বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এছাড়া
কিয়েভ বাঁচাতে ইউক্রেনের চারপাশে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। খবর বিবিসি।
ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানায়, রাজধানীর
শুলিয়াভকা এলাকার চিড়িয়াখানার কাছে ৫০টির বেশি বিস্ফোরণ ও ভারী মেশিন গানের গোলাগুলির
খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জনান, কিয়েভে ভারী গোলাবর্ষণের উচ্চশব্দ শহরের কেন্দ্রস্থল থেকে কয়েক মাইল দূর থেকেও শোনা যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বিদেশী সংবাদদাতা ট্রে ইংস্ট জানান, এ মুহূর্তে বিভিন্ন দিক থেকে কিয়েভে আক্রমণ চালানো হচ্ছে।
ইউক্রেনীয় স্টেট স্পেশাল সার্ভিসের মতে, রাজধানীর
ত্রয়েশচিনা জেলার সিএইচপি-৬ পাওয়ার স্টেশনের কাছে লড়াই চলছে। এ এলাকায় রুশ সেনাদের
আক্রমণের ফলে শহর বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
এদিকে ভাসিলকিভের এয়ারফিল্ডের কাছে প্রচণ্ড লড়াইয়ের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রুশ প্যারাট্রুপাররা এয়ারফিল্ডটিকে ব্যবহার করে সহজেই কিয়েভে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। এছাড়া কিয়েভের পেরেমোবহ অ্যাভিনিউতে দোমড়ানো গাড়ি এবং আগুন জ্বলতে দেখা গেছে। তবে ইউক্রেনীয় বাহিনীর দাবি, মিকোলাইভের কৃষ্ণ সাগর থেকে তারা সফলভাবে রুশ সেনাদের বিতাড়িত করতে সক্ষম হয়েছেন।