‘প্রতিদিনই যেন উপহার ছাড়া হ্যালোইন’, ট্রাম্প প্রশাসনকে কটাক্ষ ওবামার

তিনি কংগ্রেসের রিপাবলিকানদের সমালোচনা করেন, যারা ট্রাম্প ‘সীমা অতিক্রম করলেও’ তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না।

ওবামা বলেন, ‘ন্যায্যতার খাতিরে বলা যায়, তিনি (ট্রাম্প) কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিয়েছেন, যেমন লোকজনের জুতায় যাতে কাদা না লাগে সেজন্য রোজ গার্ডেন ঢেকে দেয়া এবং ৩০০ মিলিয়ন ডলারের একটি বলরুম তৈরি করা।‘

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার দুটি অঙ্গরাজ্যে গভর্নরের পদে ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থনে প্রচারাভিযান চালিয়েছেন। সেখানে ট্রাম্প প্রশাসনের প্রতি তীব্র কটাক্ষ করে ওবামা টেনে এনেছেন হ্যালোইন উৎসবকে, যেখানে মানুষ ভূত-প্রেতের সাজে একে অপরকে ভয় দেখিয়ে উপহার দেয়া-নেয়া করে। ওবামা বলেন, ‘অবস্থা এমন যেন প্রতিদিন হ্যালোইন, তবে কেবল কৌশলই আছে, কোনো উপহার নেই।‘ খবর রয়টার্স।

আগামী সপ্তাহের নির্বাচনে ভোটারদের প্রতি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘আইনভঙ্গ ও বেপরোয়া আচরণ’ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। ডেমোক্র্যাটদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় দুই মেয়াদের প্রেসিডেন্ট ওবামা ভার্জিনিয়ার গভর্নর পদপ্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার এবং নিউ জার্সির প্রার্থী মিকি শেরিলের সমাবেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন।

ভার্জিনিয়ার নরফোকের ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটিতে স্প্যানবার্গারের সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে ওবামা বলেন, ‘আসুন, স্বীকার করি, আমাদের দেশ এবং আমাদের নীতি এখন বেশ অন্ধকার একটি জায়গায় রয়েছে। কোথা থেকে শুরু করব তা একটু কঠিন। কারণ এই হোয়াইট হাউজ প্রতিদিন মানুষের জন্য আইনভঙ্গ, বেপরোয়া আচরণ, নীচতা এবং সম্পূর্ণ পাগলামির নতুন নতুন উদাহরণ তৈরি করছে।‘

ওবামা ট্রাম্পের ‘ভঙ্গুর’ শুল্ক নীতি এবং মার্কিন শহরগুলোতে ন্যাশনাল গার্ডের সৈন্য মোতায়েন করার তীব্র নিন্দা করেন। তিনি কংগ্রেসের রিপাবলিকানদের সমালোচনা করেন, যারা ট্রাম্প ‘সীমা অতিক্রম করলেও’ তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। ব্যবসায়ী নেতা, আইন সংস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলো কত দ্রুত ট্রাম্পকে খুশি করতে ‘মাথা নত করেছে’, তা দেখে তিনি বিস্মিত হয়েছেন বলেও জানান।

সাবেক প্রেসিডেন্ট ব্যঙ্গাত্মক সুরে ট্রাম্পের কিছু সিদ্ধান্তের কথা উল্লেখ করেন, যেমন ফেডারেল শাটডাউন চললেও হোয়াইট হাউজের কিছু অংশে পরিবর্তন হচ্ছে। ওবামা বলেন, ‘ন্যায্যতার খাতিরে বলা যায়, তিনি (ট্রাম্প) কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিয়েছেন, যেমন লোকজনের জুতায় যাতে কাদা না লাগে সেজন্য রোজ গার্ডেন ঢেকে দেয়া এবং ৩০০ মিলিয়ন ডলারের একটি বলরুম তৈরি করা।‘

জরিপ অনুযায়ী, ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী ৪৬ বছর বয়সী স্প্যানবার্গার তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী, ৬১ বছর বয়সী লেফটেন্যান্ট গভর্নর উইনসাম আর্ল-সিয়ার্সের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। সিআইএ-র প্রাক্তন কর্মকর্তা স্প্যানবার্গার ছয় বছর ধরে কংগ্রেসউইম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, নিউ জার্সিতে অধিকাংশ জরিপে মিকি শেরিল তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ৬৩ বছর বয়সী জ্যাক সিয়াটারেলির চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন।

আরও