দুই জিম্মি মরদেহের বিনিময়ে ৩০ ফিলিস্তিনি বন্দির মরদেহ ফেরত দিল ইসরায়েল

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, ৩০ ফিলিস্তিনি বন্দির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে বৃহস্পতিবার দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছিল গাজার স্বাধীণতাকামী গোষ্ঠী হামাস। খবর আল জাজিরা।

এক বিবৃতিতে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের মাধ্যমে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে। বেশ কিছু ফিলিস্তিনি বন্দির মরদেহে মারধরের আঘাত, বাঁধা হাত ও চোখে কাপড় বাঁধা থাকার মতো নির্যাতনের পরিষ্কার চিহ্ন দেখা গেছে বলেও জানিয়েছে তারা।

গাজায় চলমান যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলের হাতে থাকা দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও যুদ্ধকালীন আটকদের বিনিময়ে নিজেদের কাছে থাকা সব জীবিত জিম্মিকে মুক্তি দেয় হামাস। অন্যদিকে, সেনা আক্রমণ বন্ধ করে গাজায় সাহায্য বৃদ্ধি করেছে ইসরায়েল। মৃত বন্দিদের দেহ হস্তান্তরেরও প্রতিশ্রুতি দিয়েছে দুই পক্ষ। ২৮ ইসরায়েলি জিম্মির দেহের বিনিময়ে ৩৬০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত ১৫ জনের দেহ হস্তান্তর করেছে হামাস।

ইসরায়েল দাবি করেছে, হামাস বাকি বন্দিদের দেহ হস্তান্তরে ধীরগতি দেখাচ্ছে। আর হামাস বলেছে, সব মৃতদেহ খুঁজে বের করা ও ফেরত আনা সময়সাপেক্ষ। গাজার ধ্বংসস্তুপের নিচে মরদেহ হারিয়ে যাওয়ার শংকায় রয়েছে জিম্মি পরিবারগুলো। মরদেহ উদ্ধারের এ জটিলতা গাজায় যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার পরিকল্পনাকে জটিল করে তুলেছে।

আরও