আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে হামের প্রকোপ বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১৫৭ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার জিম্বাবুয়ের তথ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী মনিকা মুৎসভাংওয়ার বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। সবশেষ চার দিনে সম্ভাব্য হাম আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬ জন থেকে বেড়ে ২ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত শিশুদের বেশির ভাগেরই বয়স ৬ মাসের মধ্যে। এর মধ্যে টিকায় বিশ্বাস করে না এমন ধর্মীয় সম্প্রদায়ভুক্ত ১৫ শিশুও আছে।
মুৎসভাংওয়া বলেন, আক্রান্তদের বেশির ভাগই হামের টিকা নেয়নি। এ জরুরি অবস্থা মোকাবেলায় সরকার সিভিল প্রোটেকশন ইউনিট অ্যাক্ট কার্যকর করেছে।আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের স্কুলগুলো খুলে দেয়া হচ্ছে। তার আগে টিকা কর্মসূচি চালাতে চাইছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রবীণ ও ধর্মীয় নেতাদের সহযোগিতা চেয়েছে সরকার।