যুক্তরাষ্ট্রে নতুন করে চালু হওয়া এক লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি কেবল নতুন আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। শনিবার (২০ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক্স-এ পোস্ট করে বলেন, এটি কোনো বার্ষিক ফি নয়, বরং এককালীন ফি যা কেবল নতুন ভিসা আবেদনের ক্ষেত্রেই দিতে হবে। খবর রয়টার্স।
তিনি আরো জানান, বর্তমানে বৈধ ভিসাধারী যারা যুক্তরাষ্ট্রের বাইরে আছেন, তারা দেশে পুনরায় প্রবেশ করার সময় এ ফি দিতে বাধ্য থাকবেন না।
শুক্রবার এই ফি চালুর খবর প্রকাশের পর থেকেই যুক্তরাষ্ট্রে কর্মরত বহু এইচ-১বি ভিসাধারী আতঙ্কিত হয়ে পড়েন। মাইক্রোসফট, জেপিমর্গান, অ্যামাজনসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলো তাদের কর্মীদের যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ থেকে বিরত থাকতে অভ্যন্তরীণ নির্দেশনা দেয়। শনিবার গোল্ডম্যান স্যাকসও তাদের কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানায়।
এমনকি জনপ্রিয় চীনা সামাজিক মাধ্যম রেডনোটেও বহু ভিসাধারী জানিয়েছেন, হঠাৎ করে খবরটি জানার পর তারা দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। কেউ কেউ বিদেশে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই ফেরার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
হোয়াইট হাউজ জানায়, আমেরিকান শ্রমিকদের সুরক্ষার জন্য এবং কম মজুরিতে বিদেশী কর্মীদের দিয়ে দেশীয় কর্মীদের ‘প্রতিস্থাপন’ ঠেকাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।